নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করল সিপিএম। পলিটব্যুরোর সদস্য হিসেবে মহম্মদ সেলিম দেশের সর্বোচ্চ আদালতে এই মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন সেলিম নিজেই। সোমবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের জাফরাবাদে মৃত চন্দন দাস ও হরগোবিন্দ দাসের বাড়িতে গিয়েছিলেন সেলিম। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। এদিন চন্দন দাসের দুই সন্তানের লেখাপড়ার দায়িত্ব দল নেবে বলে জানিয়েছেন সেলিম। পাশাপাশি নিহত ইজাজ আহমেদের স্ত্রীকেও আর্থিক সহায়তা করার কথা বলা হয়েছে। এই কারণে গণসংগ্রহেরও ডাক দিয়েছেন রাজ্য সম্পাদক। মুর্শিদাবাদে অশান্তির বিচারবিভাগীয় তদন্তের দাবিও তোলা হয়েছে সিপিএমের তরফে।



