Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগুইআটি থানায় সিপির বৈঠক, ভোটে ছাপ্পা ও বুথ দখল রুখতে তৎপর পুলিশ

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মাঠে নেমেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। সেই সঙ্গে হিংসা, ভীতি প্রদর্শন, ছাপ্পা, বুথ দখল রুখতে নির্বাচন কমিশন ৬টি বিষয়ের উপর গাইড লাইন দিয়েছে।

বাগুইআটি থানায় সিপির বৈঠক, ভোটে ছাপ্পা ও বুথ দখল রুখতে তৎপর পুলিশ
  • ২৩ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মাঠে নেমেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। সেই সঙ্গে হিংসা, ভীতি প্রদর্শন, ছাপ্পা, বুথ দখল রুখতে নির্বাচন কমিশন ৬টি বিষয়ের উপর গাইড লাইন দিয়েছে। সেই গাইড লাইন কার্যকর করতে রবিবার বাগুইআটি থানায় গিয়ে বৈঠক করলেন বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর। সেখানে ডিসি (এয়ারপোর্ট) ঐশ্বর্য সাগর, এসিপি, থানার আইসি সহ সমস্ত অফিসার উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের গাইড লাইনগুলি কার্যকর করার ব্যাপারে সকলকে নির্দেশ দেওয়া হয়।

Advertisement

প্রসঙ্গত, শনিবারই বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসন, সিএপিএফ অফিসারদের সঙ্গে পর্যবেক্ষকদের একটি বৈঠক হয়। আসন্ন নির্বাচনি প্রক্রিয়াটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এই পর্যালোচনা। আলোচনার মূল বিষয়গুলির মধ্যে ছিল মোতায়েন কৌশল, এরিয়া ডমিনেশন, ভালনারেবিলিটি ম্যাপিং এবং সিএপিএফ ও স্থানীয় পুলিশ ইউনিটগুলির মধ্যে সমন্বয় আরো জোরদার করা।
ইসিআইয়ের নির্দেশিকাগুলি কঠোরভাবে অনুসরণ করার উপর পর্যবেক্ষকরা গুরুত্ব আরোপ করেন। যেকোনো অবৈধ কার্যকলাপ প্রতিরোধে সমস্ত অফিসারকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ দেওয়া হয় অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং আদর্শ আচরণ বিধি প্রয়োগ নিশ্চিত করার ব্যাপারেও।
বাগুইআটি থানায় এদিনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ কমিশনার জানান, নির্বাচন কমিশন ৬টি অবজেক্টের একটি গাইড লাইন দিয়েছে। প্রথমত, ভোটে যাতে হিংসা না হয়। দ্বিতীয়ত, ভীতি প্রদর্শন তথা কেউ যাতে ভয় না দেখায় তার ব্যবস্থা করা। তৃতীয়ত, প্রলোভন রোখা। চতুর্থত, ছাপ্পা যাতে না হয়। পঞ্চামত, বুথ জ্যাম বা বুথ দখল যাতে না হয়। এবং ষষ্ঠত, সোর্স জ্যামিং রোখা। আমরা সবাইকে নিয়ে বৈঠক করেছি। সেখানে সবাইকে এই গাইড লাইন বলে দেওয়া হয়েছে। যাতে আমরা এইগুলো অ্যাচিভ করতে পারি। তিনি বলেন, এই গাইড লাইন কার্যকর করার জন্য আমরা সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপই করছি।
এদিকে, ভোটারদের প্রতি আস্থা জোগাতে শনিবারই ডিসি (এয়ারপোর্ট) ঐশ্বর্য সাগর এবং বাগুইআটি থানার আইসি অমিতকুমার মিত্র বাগুইআটির বিভিন্ন উপদ্রুত এলাকা পরিদর্শন করেন। পুরানো নির্বাচনে যেখানে গন্ডগোল হয়েছিল, সেই এলাকাগুলিতে বিশেষ নজর দেওয়া হয়। কেউ ভয় দেখাচ্ছে কি না, কোনো সমস্যা রয়েছে কি না, তা জানতে চাওয়া হয়। নাগরিকদের জানানো হয়েছে, জরুরি প্রয়োজনে তাঁরা পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন। পুলিশ সবসময় তাঁদের পাশে রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ