Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চার্জশিট থেকে বাদ পড়া দুই অভিযুক্তকে ফের মামলায় যুক্ত করার নির্দেশ কোর্টের

পুলিস চার্জশিট থেকে নাম বাদ দিলেও রেহাই মিলল না দুই অভিযুক্তের। সরকারি আইনজীবীর জোরালো সওয়ালের প্রেক্ষিতে

চার্জশিট থেকে বাদ পড়া দুই অভিযুক্তকে  ফের মামলায় যুক্ত করার নির্দেশ কোর্টের
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিস চার্জশিট থেকে নাম বাদ দিলেও রেহাই মিলল না দুই অভিযুক্তের। সরকারি আইনজীবীর জোরালো সওয়ালের প্রেক্ষিতে বনগাঁর দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্রদীপকুমার অধিকারী ওই দুই ব্যক্তিকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন। ২০২৩ সালে গাইঘাটা থানা এলাকায় একটি খুনের চেষ্টার মামলার চার্জশিটকে ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় ঘটনার দু’বছর বাদে সওয়াল করেছিলেন সরকারি আইনজীবী। কেন চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছিল দুই অভিযুক্তকে, এই প্রশ্ন তুলে বিচারক শুধু উদ্বেগ প্রকাশ করেননি, তিন পুলিস অফিসারের বিরুদ্ধে কড়া মনোভাবও প্রকাশ করেছেন। বলেছেন, গাইঘাটা থানার ওসি, তদন্তকারী অফিসার ও সিআইয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে জেলার পুলিস সুপারকে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে পুলিস মহলে।

Advertisement

আদালত সূত্রে খবর, আগামী ৫ মে ওই দুই অভিযুক্তকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন বিচারক। আইনজীবীদের একাংশের বক্তব্য, শুনানি চলাকালীন নতুন করে দুই ব্যক্তিকে মামলায় অভিযুক্ত করার ঘটনা একপ্রকার নজিরবিহীন। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে গাইঘাটা থানা এলাকায় এক যুবককে খুনের চেষ্টার অভিযোগ ওঠে চার ব্যক্তির বিরুদ্ধে। তার মধ্যে রয়েছে দুই মহিলা। ওই ঘটনায় পুলিস তদন্ত শেষ করে চারজনের মধ্যে মাত্র দু’জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। সেই মতো বনগাঁ আদালতে চার্জ গঠন করে শুরু হয় মূল মামলার বিচার। সম্প্রতি সেই মামলার বিচার চলাকালীন সরকারি আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যে দু’জনকে পুলিস চার্জশিট থেকে বাদ দিয়েছে, তাদেরও এই মামলায় অভিযুক্ত করা হোক। তাদের বিরুদ্ধে মামলা চালানোর যথেষ্ট তথ্য‑প্রমাণ রয়েছে। এরপর শুনানি স্থগিত হয়ে যায়। বিচারক আইন অনুযায়ী চার্জশিট থেকে বাদ পড়া দু’‌জনকে ফের মামলায় অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। পাশাপাশি পুলিসের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ