নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও তমলুক: ‘শিডিউলড’ ব্যাঙ্ক বা পূর্ণমাত্রার ব্যাঙ্কের তকমা মেলার পথে একধাপ এগল কাঁথি সমবায় ব্যাঙ্ক। বুধবার পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের মধ্যে একমাত্র শহরাঞ্চলীয় ব্যাঙ্ক হিসেবে কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান তরুণ কুমার মাইতি এবং সিইও অ্যাপোলো আলি মুম্বইয়ে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নরের সঙ্গে মুখোমুখি হন। ওই বৈঠকে গোটা দেশ থেকে টায়ার-৩ এবং টায়ার-৪ ক্যাটাগরির সমবায় ব্যাঙ্ক সমূহ অংশ নেয়। সেই বৈঠক ইতিবাচক হয়েছে। আগামী ৩১ মার্চ চলতি অর্থবর্ষ শেষ হওয়ার পর কাঁথি সমবায় ব্যাঙ্ক ‘সিডিউল’ ব্যাঙ্কের স্বীকৃতি পেতে আবেদন জানাবে। তরুন বাবু জানিয়েছেন, চলতি অর্থ বর্ষের পর অডিটের কাজ হবে। যা সম্পূর্ণ হলে আরও কিছু প্রক্রিয়া শেষ করে জুন মাস নাগাদ আবেদন পাঠানো হবে।
সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে বলতে গিয়ে ব্যাঙ্কের সিইও অ্যাপোলো আলি জানান, এই প্রথমবার আমরা আরবিআই গভর্নর এবং ডেপুটি গভর্নরের মুখোমুখি হই। সমবায় ব্যাঙ্কে সিডিউল স্ট্যাটাস পাওয়ার ঘটনা একটা বিরাট প্রাপ্তির জায়গা। অর্থবর্ষ শেষে এনপিএ’র হার দেখব। অডিট করার পর বোর্ড মিটিংয়ে পাশের পর সিডিউল স্ট্যাটাসের জন্য আবেদন করা হবে। ৩১ মার্চের পরই এনিয়ে আবেদন করা হবে। গত ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্কের নতুন বোর্ড গঠন হয়েছে। ‘শিডিউল’ ব্যাঙ্ক হওয়ার জন্য অন্যান্য সূচক যাতে পূরণ হয়, সে নিয়েও নিশ্চিত হতে চাইছে কর্তৃপক্ষ।
‘শিডিউলড’ ব্যাঙ্কের স্বীকৃতির অর্থ, একটি রাষ্ট্রায়ত্ত কিংবা বেসরকারি ব্যাঙ্কের মতো স্বাধীনভাবে লেনদেন করার ছাড়পত্র। আরবিআই-এর সঙ্গে সরাসরি লেনদেনে যোগাযোগ। এনইএফটি, আরটিজিএস করার সময় ভায়া হিসেবে কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কিংবা বেসরকারি ব্যাঙ্কের প্রয়োজন হবে না। এরাজ্যে স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক এই স্বীকৃতি পেয়েছে। এতে গ্রাহকদের মধ্যেও কয়েকগুণ আস্থা বাড়ে। পূর্ব ভারতের মধ্যে কোনও আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের (ইউসিবি) এই স্বীকৃতি নেই। সেই নিরিখে ইউসিবি হিসেবে কাঁথি সমবায় পূর্ণমাত্রার ব্যাঙ্কের স্বীকৃতি পেলে, সেটা পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের মধ্যে প্রথম হবে।