


গুয়াহাটি (পিটিআই): ভোটমুখী অসমে কংগ্রেস ও রাইজর দলের আসন রফা চূড়ান্ত হয়ে গেল। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ও রাইজর দলের প্রধান অখিল গগৈ সহ দুই দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকে বৃহস্পতিবার বেশি রাতে সমঝোতার ফর্মুলা পাকা হয়। জোরহাটের ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাইজর দলকে ১১টি বিধানসভা আসন ছাড়বে কংগ্রেস। দুটি আসনে ‘বন্ধুত্বপূর্ণ’ লড়াই হবে।
রাইজর দলের প্রধান অখিল গগৈ এবারও শিবসাগর আসন থেকে লড়াই করবেন। গতবার জেলবন্দি অবস্থাতেই এই আসন থেকে জয়ী হয়েছিলেন তিনি। সিএএ বিরোধী আন্দোলনের জেরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া মারঘেরিতা আসনটিও রাইজর দলকে ছাড়ছে কংগ্রেস। এর আগে এই আসনটি প্রতীক বরদলোইকে দিয়েছিল হাত শিবির। কিন্তু চলতি সপ্তাহেই তাঁর সাংসদ বাবা প্রদ্যোৎ দলত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ায় প্রতীক কংগ্রেসের টিকিটে লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। আসন সমঝোতার ফর্মুলা অনুযায়ী অখিল গগৈয়ের রাইজর দলের হাতে যাচ্ছে ডালগাঁও, ধিং, সিসিবরগাঁও, ডিগবয়, বোকাখাট, মানস, তেজপুর ও কালিয়াবর আসন। মারিয়ানি আসনটিতে মহিলা প্রার্থী হিসাবে জ্ঞানশ্রী বোরার নাম ঘোষণা করেছে তারা। তবে গোয়ালপাড়া (পূর্ব) ও গৌরীপুর আসনে দুই দলের মধ্যে ‘বন্ধুত্বপূর্ণ’ লড়াই হবে। এই আসন সমঝোতার ফলে বিরোধী জোটে দলের সংখ্যা বেড়ে হল ছয়। ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে একযোগে লড়াইয়ের ময়দানে কংগ্রেস, রাইজর দল, অসম জাতীয় পরিষদ (এজেপি), সিপিএম, সিপিআই (এমএল) এবং অল পার্টি হিল লিডার্স কনফারেন্স (এপিএইচএলসি)। কংগ্রেস ইতিমধ্যেই তাদের ঝুলিতে যাওয়া ৮৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এজেপি ১০টি আসন পাচ্ছে। সিপিএম এবং এপিএইচএলসি দুটি করে আসনে লড়বে।
আসন বণ্টন চূড়ান্ত হওয়ার পর রাইজর দলের সভাপতি অখিল গগৈকে ধন্যবাদ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তিনি বলেন, কংগ্রেসের মতো একটি দলের পক্ষে আসন ছাড়াটা সহজ কাজ নয়। কিন্তু রাজ্য ও রাজ্যবাসীর ভবিষ্যতের কথা বিবেচনা করে এবিষয়ে জাতীয় নেতৃত্ব রাজি হয়েছে।