Bartaman Logo
৩০ মে, ২০২৬
বর্তমান / খেলা

মেসির বিশ্বকাপে খেলা নিয়ে আশাবাদী কোচ

লায়োনেল মেসি কি ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলবেন? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। তবে এখনও পর্যন্ত যা ইঙ্গিত তাতে খেলার সম্ভবনাই প্রবল। কয়েকদিন আগে দেশের মাটিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর মেসি বলেছিলেন, ‘আমি আরও একটা বিশ্বকাপ খেলব, তা ভাবিনি।

মেসির বিশ্বকাপে খেলা নিয়ে আশাবাদী কোচ
  • ৩ অক্টোবর, ২০২৫ ১০:১০

বুইনেস আইরেস: লায়োনেল মেসি কি ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলবেন? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। তবে এখনও পর্যন্ত যা ইঙ্গিত তাতে খেলার সম্ভবনাই প্রবল। কয়েকদিন আগে দেশের মাটিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর মেসি বলেছিলেন, ‘আমি আরও একটা বিশ্বকাপ খেলব, তা ভাবিনি। তবে এখনও খেলাটাকে উপভোগ করছি। তাই এখনও কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আগামী দিনে শরীর কেমন থাকে, তা দেখতে হবে।’ তবে আর্জেন্তিনার কোচ লায়োনেল স্কালোনি বেশ আশাবাদী। তিনি বলছিলেন, ‘মেসি যে সিদ্ধান্তই নিক না কেন আমরা সম্মান জানাব। তবে ওর খেলার ব্যাপারে আমি আশাবাদী। ইতিহাসের সেরা প্লেয়ার দলে থাকলে কোচেরও অনেক চিন্তা কমে যায়।’

Advertisement

একটা সময় দেশেকে কোনও ট্রফি না দেওয়ার জন্য মেসির সমালোচনা হতো। তবে সেই আক্ষেপ মিটিয়ে দিয়েছেন মহাতারকা। ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন মেসির আর্জেন্তিনা। এছাড়া দু’টি কোপা আমেরিকা, একটি ফিনালিসমার ট্রফিও দিয়েছেন লিও। তবে অনেকেই ভেবেছিলেন, কাতার বিশ্বকাপের পরই হয়তো বুটজোড়া তুলে রাখবেন মেসি। কিন্তু সেই পথে হাঁটেননি তিনি। বরং জানিয়েছিলেন, ‘চ্যাম্পিয়ন হিসেবে আরও কিছুদিন খেলাটা উপভোগ করতে চাই।’ আর সত্যিই তিনি এখনও দারুণভাগে উপভোগ করছেন। আর্জেন্তিনার সেরা ফুটবলার এখনও লিও। কিছুদিন আগে বিশ্বকাপের বাছাই পর্বে তাঁর জোড়া গোলেই তো ভেনেজুয়েলাকে হারাল আর্জেন্তিনা। শুধু তাই নয়, ক্লাব ইন্তার মায়ামিতেও ধারাবাহিকভাবে সেরা পারফরম্যান্স মেলে ধরছেন। তাঁর সতীর্থ রডরিগো ডে পল সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেছেন, ‘মেসিকে এখনও প্রতিপক্ষ ভয় করে। ও থাকলে এমনিতেই শক্তি বেড়ে যায় দলের। তাই আমি চাই ও এখন খেলা চালিয়ে যাক।’ মেসিও হয়তো আরও একটি বিশ্বকাপ খেলেই বুটজোড়া তুলে রাখবেন। কারণ, পরের মেগা আসরকে আর বেশি দিন বাকি নেই। তাই কাপ ধরে রাখতে মেসিকে খুবই দরকার আর্জেন্তিনার কোচ লায়োনেল স্কালোনির। তাছাড়াও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দল খুবই শক্তিশালী। আক্রমণভাগে জুলিয়ান আলভারেজ দুরন্ত ফর্মে রয়েছেন। লাওতারো মার্তিনেজও নিয়মিত গোল করছেন। মাঝমাঠে ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্ডেজের মতো মিডফিল্ডার যে কোনও দলের সম্পদ। এছাড়া ফ্রাঙ্কো মাস্তানতুওনোর মতো নতুন প্রতিভাও সম্প্রতি আলো ছড়াচ্ছেন। সব মিলিয়ে এবারও ফেভারিট হিসেবেই নামবে লায়োনেল স্কালোনির আর্জেন্তিনা। 

সম্পর্কিত সংবাদ