বেজিং: পাল্টা শুল্ক নিয়ে বুধবার মধ্যরাতে ভোলবদল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিন মাসের জন্য স্থগিত রাখা হয়েছে নয়া নীতি। বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা হয়েছে, এমন ৭৫ দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই সময়পর্বে মাত্র ১০ শতাংশ হারে পাল্টা শুল্ক ধার্য থাকবে। ব্যতিক্রম একমাত্র চীন। তাদের বিরুদ্ধে আরও কঠোর মনোভাব দেখিয়েছেন ট্রাম্প। ড্রাগনের দেশের পণ্যে পাল্টা শুল্ক বরং বাড়িয়ে করা হয়েছে ১২৫ শতাংশ। পাল্টা বেজিংও মার্কিন পণ্যের আমদানিতে শুল্ক বাড়িয়ে ৮৪ শতাংশ করেছে। বৃহস্পতিবার বেজিং বলেছে, তারা সংঘাত চায় না। কিন্তু কোনও রকম চাপের কাছে চীন নতিস্বীকার করবে না। চীনা বাণিজ্য মন্ত্রকের মুখপাত্র হি ইয়ংকিয়ান একথা জানিয়েছেন।



