


নয়াদিল্লি: কৃষকদের ঋণ মকুবের কোনো পরিকল্পনা আপাতত কেন্দ্রের নেই। সোমবার সংসদে এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই প্রসঙ্গে তিনি কৃষকদের জন্য সরকারি সুযোগ-সুবিধার তালিকাও তুলে ধরেছেন। অর্থমন্ত্রীর দাবি, কৃষকদের আর্থিক দিক থেকে স্বচ্ছল করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম কিষান ক্রেডিট কার্ড। এর মাধ্যমে কম সুদে ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন কৃষকরা।
পাশাপাশি নির্মলা জানিয়েছেন, কৃষকদের জন্য জামানত ছাড়াই স্বল্প মেয়াদি ঋণের সীমা ১ লক্ষ ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে। পাশাপাশি রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী কৃষিতে অগ্রাধিকারের ভিত্তিতে ঋণ পাওয়ার ব্যবস্থাটিও নিশ্চিত করা হয়েছে। শস্য বিমা ও কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (পিএম-কিষান) মতো প্রকল্প চালু করা হয়েছে বলেও জানিয়েছেন নির্মলা।
সংসদে অন্য একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রতিবন্ধী ভাতাপ্রাপ্ত প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে আয়কর ছাড়ের সুবিধা আগের মতোই রয়েছে। পুরানো কর-কাঠামোতে বেশ কিছু সুযোগ সুবিধা পেতেন ওই প্রাক্তন সেনাকর্মীরা। নির্মলা জানিয়েছেন, ২০২৫ সালের নতুন কর কাঠামোতেও একই ছাড় রাখা হয়েছে।