Bartaman Logo
৮ জুন, ২০২৬

নগদ কাণ্ড: বিচারপতি যশোবন্ত ভার্মার বাড়িতে ৩ সদস্যের কমিটি

বিচারপতি যশোবন্ত ভার্মার বাংলো থেকে হিসেব বহির্ভূত ১৫ কোটি টাকা উদ্ধারের ঘটনায় জারি টানাপোড়েন।

নগদ কাণ্ড: বিচারপতি যশোবন্ত ভার্মার বাড়িতে ৩ সদস্যের কমিটি
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিচারপতি যশোবন্ত ভার্মার বাংলো থেকে হিসেব বহির্ভূত ১৫ কোটি টাকা উদ্ধারের ঘটনায় জারি টানাপোড়েন। মঙ্গলবার তদন্ত শুরু করল সুপ্রিম কোর্ট দ্বারা নিযুক্ত তিন সদস্যের কমিটি। এদিন তাঁরা বিচারপতির বাড়িতে পৌঁছন। বাড়ির মধ্যে ৩০-৩৫ মিনিট ছিলেন তাঁরা। খতিয়ে দেখেন পুরো ঘটনাস্থল। জানা গিয়েছে, বিচারপতি ভার্মার যাবতীয় কল রেকর্ড খতিয়ে দেখছে এই তদন্তকারী দল। পাশাপাশি ১৪ মার্চ রাতে টাকা উদ্ধারের পুরো ঘটনাক্রম নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Advertisement

শনিবার গঠিত হয় এই তিন সদস্যের কমিটি। যেখানে রয়েছেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি জিএস সান্ধাওয়ালিয়া এবং কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনু শিবরমন। এদিন তাঁরা পুরো ঘটনাস্থল পর্যবেক্ষণের পাশাপাশি জিজ্ঞাসাবাদ চালিয়েছেন বলেও সূত্রে খবর। ইতিমধ্যে বিচারপতি ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনিয়ে শুরু থেকেই অসন্তুষ্ট ছিল এলাহাবাদ হাইকোর্টের আইনজীবীরা। বদলিকে ঘিরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে সেখানকার বার অ্যাসোসিয়েশন। এদিন আদালতের ৩ নম্বর গেটে জমায়েত করেন আইনজীবীরা। বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অনিল তিওয়ারি বলেন, এই প্রতিবাদ কোনও নির্দিষ্ট আদালত বা বিচারপতির বিরুদ্ধে নয়। যারা বিচার ব্যবস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, তাদের বিরুদ্ধে এই আন্দোলন। শুরু থেকেই বিষয়টিকে ধামাচাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাই বর্তমানে দেশের নানা প্রান্তের আইনজীবীরা এক হয়ে লড়ছেন। মাথায় রাখতে হবে এলাহাবাদ আদালত কোনও ডাম্পিং গ্রাউন্ড নয়। পুরো বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এভাবেই কর্মবিরতি চলবে।

সম্পর্কিত সংবাদ