Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া গ্রামীণে তিন কেন্দ্রের প্রার্থী বহিরাগত, ক্ষোভ কংগ্রেস কর্মীদের

রবিবার বিকালে কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এরপরেই হাওড়া গ্রামীণ জেলার বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থী বদলের দাবি তুলছেন দলের নেতা ও কর্মীরা।

হাওড়া গ্রামীণে তিন কেন্দ্রের প্রার্থী বহিরাগত, ক্ষোভ কংগ্রেস কর্মীদের
  • ৩১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: রবিবার বিকালে কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এরপরেই হাওড়া গ্রামীণ জেলার বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থী বদলের দাবি তুলছেন দলের নেতা ও কর্মীরা। কর্মীদের এই ক্ষোভের কথা স্বীকার করে নিয়েছেন জেলার সভাপতি আলম দেইয়ান। ইতিমধ্যে কর্মীদের দাবির বিষয়টি প্রদেশ নেতৃত্বকে জানানোও হয়েছে। উলুবেড়িয়া দক্ষিণ, উলুবেড়িয়া উত্তর এবং আমতা কেন্দ্রের প্রার্থী বদলের দাবি তুলেছেন ওই নেতা, কর্মীরা।

Advertisement

কংগ্রেস এবার উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে ইন্তাজ আলি শাহকে প্রার্থী করেছে। এছাড়া উলুবেড়িয়া উত্তরে কল্যাণী হালদার ও আমতা কেন্দ্রে তপন দাসকে প্রার্থী করা হয়েছে। এই তিনটি কেন্দ্রের প্রার্থী নিয়েই ক্ষোভ জানিয়েছেন দলের নেতা, কর্মীরা। তাঁদের অভিযোগ, ইন্তাজ আলি শাহের বাড়ি মেদিনীপুরে, কল্যাণী হালদারের দক্ষিণ ২৪ পরগনায় এবং তপন দাসের বাড়ি হাওড়ার বালিতে। বহিরাগতদের পরিবর্তে স্থানীয় কংগ্রেস নেতা, কর্মীদের মধ্যে থেকে প্রার্থী করতে হবে।
এই ব্যাপারে কংগ্রেস নেতা আতিয়ার রহমান ও তাপস কোদালির বক্তব্য, স্থানীয় নেতৃত্বের সঙ্গে কোনোরকম আলোচনা না করে, জেলা সভাপতির কথায়, আমাদের মতো অনেককে অন্ধকারে রেখে প্রার্থী করা হয়েছে। তাঁদের অভিযোগ, শুধু এই তিনটি কেন্দ্রে নয়, কয়েকমাস আগে যাঁরা অন্য দল থেকে কংগ্রেসে যোগদান করেছেন, তাঁদেরও প্রার্থী করা হয়েছে। প্রার্থী নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে একাধিকবার জানানো হলেও আমাদের কথায় কর্ণপাত করা হয়নি। তাঁদের দাবি, অযোগ্য লোকেদের প্রার্থী করায় গ্রামীণ জেলায় জয়ের যেটুকু আশা ছিল, সেটাতেও কার্যত জল ঢেলে দিল প্রদেশ নেতৃত্ব।
প্রার্থী নিয়ে দলের নেতা-কর্মীদের ক্ষোভের কথা স্বীকার করে নিয়েছেন কংগ্রেসের হাওড়া গ্রামীণ জেলার সভাপতি আলম দেইয়ান। তিনি বলেন, কয়েকজন প্রার্থী জেলার বাইরের হওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এইসব কেন্দ্রে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন তাঁরা। এর মধ্যে আমরা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে ঋভু সান্যাল এবং আমতা কেন্দ্রে সফিকুল ইসলামকে প্রার্থী হিসাবে চেয়েছিলাম। কিন্তু আমাদের না জানিয়ে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। কর্মীদের ক্ষোভের বিষয়টি আমি প্রদেশ নেতৃত্বকে জানিয়েছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ