সংবাদদাতা, তারকেশ্বর: হরিপাল থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল। তার পাঁচ ঘণ্টার মধ্যে ব্যবসায়ীকে উদ্ধার করল হরিপাল থানার পুলিস। এনিয়ে বৃহস্পতিবার রাতে সাংবাদিক সম্মেলন করেন হুগলি জেলা পুলিসের অতিরিক্ত পুলিস সুপার কৃশানু রায়। উপস্থিত ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার্স অগ্নিশ্বর চৌধুরী প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিস সুপার জানান, বুধবার সকালে হরিপালের বন্দিপুর চিত্রশালী অঙ্কপাড়ার বাসিন্দা সুকুর আলিকে একটি বোলেরো গাড়িতে তুলে অপহরণ করা হয়। সেদিন সকাল সাড়ে দশটা নাগাদ পানি শ্যাওলা স্কুলে ছেলেকে দিতে এসেছিলেন তিনি। ওর স্ত্রীর কাছে বিকেল তিনটে নাগাদ অপহরণকারীদের ফোন আসে। দুষ্কৃতীরা ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। রাত সাড়ে দশটা নাগাদ পরিবারের পক্ষ থেকে হরিপাল থানায় অভিযোগ জানানো হয়। মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু হয়। এরপর পাণ্ডুয়া থানার সহযোগিতায় পাণ্ডুয়ার একটি ঘর থেকে সুকুর আলিকে উদ্ধার করা হয়। সুকুর আলিকে মারধরও করেছিল অপহরণকারীরা। উদ্ধারের সময় তাঁর সঙ্গে থাকা সেখ ইনজামুল ও হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এদের জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের নাম মুন্সি আব্দুল রহিয়াল, সেখ আশরাফ আলি ও সেখ আইনুল হক। প্রত্যেকেরই বাড়ি পাণ্ডুয়ার জোড়াই বাজার এলাকায়। পুরনো ব্যবসায়িক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান। ধৃতদের বৃহস্পতিবার চন্দননগর আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।