Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাম্পার ফলন, ২৫ টাকার মধ্যেই থাকবে আলুর দাম

বাম্পার ফলনের জেরে রাজ্যের হিমঘরগুলিতে এরার রেকর্ড পরিমাণ আলু মজুত হয়েছে। হিমঘর মালিক ও আলু ব্যবসায়ীদের সংগঠনগুলি জানিয়েছে, এবার মোট মজুত আলুর পরিমাণ অন্তত ৭৪ লক্ষ টন।

বাম্পার ফলন, ২৫ টাকার মধ্যেই থাকবে আলুর দাম
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাম্পার ফলনের জেরে রাজ্যের হিমঘরগুলিতে এরার রেকর্ড পরিমাণ আলু মজুত হয়েছে। হিমঘর মালিক ও আলু ব্যবসায়ীদের সংগঠনগুলি জানিয়েছে, এবার মোট মজুত আলুর পরিমাণ অন্তত ৭৪ লক্ষ টন। গত বছর  ৬৩ লক্ষ টন আলু রাজ্যের হিমঘরগুলিতে মজুত হয়েছিল। অতীতে এত বেশি পরিমাণ আলু কখনও হিমঘরে মজুত হয়নি। জানিয়েছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি লালু মুখোপাধ্যায়। হিমঘর মালিক সংগঠনের কর্তা পতিতপাবন দে জানান, ২০১৮ সালে এর কাছকাছি পরিমাণ আলু হিমঘরে সংরক্ষিত হয়েছিল। তবে তার পরিমাণও ছিল এবারের থেকে কিছুটা কম। এবার ৭৪ লক্ষ টনের কিছু বেশি আলু হিমঘরে রয়েছে। 

Advertisement

সরকারি হিসেবে রাজ্যে মোট ৫১৫টি হিমঘরে এখন আলু সংরক্ষণ করা যায়। ৮১ লক্ষ টনের মতো আলু রাখার পরিকাঠমো রয়েছে হিমঘরগুলিতে। এবার মোট ধারণক্ষমতার ৯৩ শতাংশ ভর্তি হয়েছে। হিমঘর মালিকরা বলছেন, ২০১৮ সালে হিমঘরের সংখ্যা কম ছিল। তাই ওভারলোডিং করে ৭৪ লক্ষ টনের কাছাকাছি পরিমাণ আলু সংরক্ষণ করা হয়েছিল। 
হিমঘরে মজুত আলু সাধারণত মে থেকে নভেম্বর-ডিসেম্বর মাস পর্যন্ত বাজারের চাহিদা মেটায়। অনেক সময় এপ্রিলের শেষদিকে হিমঘর থেকে আলু বেরতে থাকে। হিমঘরের বাইরে কী পরিমাণ আলু রয়েছে, তার উপর নির্ভর করে কখন মজুত আলু বেরবে। সরকারি নিয়ম অনুযায়ী, নভেম্বর পর্যন্ত হিমঘর চালু থাকার কথা। কিন্তু ওই নির্ধারিত সময়ের পরেও হিমঘরে আলু থাকে। কৃষি বিপণন দপ্তর সাধারণভাবে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দেয়।  
ব্যবসায়ী ও হিমঘর মালিকদের হিসেব, রাজ্যের নিজস্ব চাহিদা মেটাতে প্রতিমাসে গড়ে ৫ লক্ষ টনের মতো আলু প্রয়োজন। এই নিরিখে রাজ্যের নিজস্ব চাহিদার থেকে অনেক বেশি আলু হিমঘরে রয়েছে। এবার উত্তরপ্রদেশ এবং অন্য একাধিক রাজ্যে আলুর বাম্পার ফলন হয়েছে। ফলে ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা কম থাকতে পারে। হিমঘরে এবার প্রতি কেজি জ্যোতি আলু ১১ টাকার কাছাকাছি দামে মজুত করা হয়েছে। হিমঘর থেকে বেরনোর সময় ভাড়া ও অন্যান্য খরচ মেটানোর পর ওই আলুর দাম ১৮ টাকার আশপাশে থাকবে। অনুমান ব্যবসায়ীদের। প্রগতিশীল ব্যবসায়ী সমিতির মতে, পরিবহণ খরচ মেটানো এবং বিক্রেতাদের একাধিক হাত ঘোরার পরও হিমঘরের আলুর দাম খুচরো বাজারে এবার ২৫ টাকার মধ্যেই থাকা উচিত।

Advertisement
সম্পর্কিত সংবাদ