Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

২০৩৪ বিশ্বকাপ সৌদি আরবে

২০৩৪ বিশ্বকাপ সৌদি আরবে
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
জুরিখ: যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবেই ২০৩৪ বিশ্বকাপ আয়োজনে শিলমোহর দিল ফিফা। বুধবার সকল স্টেকহোল্ডারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের পরই একথা ঘোষণা করেন সভাপতি জিয়ান্নি ইনফানতিনো। একইসঙ্গে শতবর্ষের (২০৩০) আসর বসবে পর্তুগাল, স্পেন ও মরক্কোতে। তবে টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচ হবে যথাক্রমে উরুগুয়ে, আর্জেন্তিনা ও প্যারাগুয়েতে। উল্লেখ্য, ২০২২ সালে প্রথমবারের জন্য আরব দেশে বিশ্বকাপ আয়োজন করে ফিফা। তবে মরু শহরের গরমের কথা মাথায় রেখে জুন-জুলাইয়ের পরিবর্তে ডিসেম্বরে বসে বিশ্বকাপের আসর। সৌদি আরবও সেই পথে হাঁটতে পারে। 
Advertisement
এদিন সৌদি আরবে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে প্রায় সকলেই সহমত পোষণ করলেও, একমাত্র নরওয়ে বিরোধিতা জানায়। তাদের দাবি, মূলত অর্থের দমেই বিশ্বকাপ আয়োজনের স্বত্ব ছিনিয়ে নেয় মধ্যপ্রাচ্যের দেশটি। একইসঙ্গে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের দৌড়ে প্রথমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে বিড জমা দিলেও, পরবর্তী সময়ে এই দুই দেশ সরে দাঁড়ায়। ফলে একমাত্র দেশ হিসেবেই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় সৌদি। টুর্নামেন্টের আগে অবশ্য আটটি নতুন স্টেডিয়াম গড়ে তুলতে হবে তাদের। একইসঙ্গে ১৫টি রাজ্যে হবে এই মেগা আসর। পাশাপাশি গোটা বিশ্বের দর্শকের কথা মাথায় রেখে প্রায় এক লক্ষ ৭৫ হাজার হোটেল রুমের ব্যবস্থা করতে হবে। সব মিলিয়ে ফুটবলের মহাযজ্ঞের জন্য আগামী কয়েক বছরে নতুন করে সেজে উঠবে সৌদি আরব।
সম্পর্কিত সংবাদ