নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শূন্য আসন পূরণ করতে ২০২৪-২৬ শিক্ষাবর্ষের জন্য ফের ভর্তি চালু করল বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি (বিএসএইইউ)। ২ এপ্রিল থেকে ইচ্ছুক ছাত্রছাত্রীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। ৫ এপ্রিল পর্যন্ত আবেদন জানানো যাবে। ৯ এপ্রিল কলেজভিত্তিক মেধাতালিকা প্রকাশিত হবে। ১১ এবং ১২ এপ্রিল ভর্তি সম্পন্ন হবে কলেজগুলিতে। ১২ এপ্রিলেই কলেজ ভিত্তিক পড়ুয়াদের ভর্তির তথ্য আপলোড করতে হবে বিশ্ববিদ্যালয়ের পোর্টালে।
এবার নিয়ে চলতি শিক্ষাবর্ষে তৃতীয় বারের জন্য ভর্তি সম্পন্ন হতে চলেছে। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, উচ্চশিক্ষা দপ্তরের সাম্প্রতিক নির্দেশের ভিত্তিতেই এই ভর্তি প্রক্রিয়া হচ্ছে। তবে ছাত্রছাত্রীদের একাংশের বক্তব্য, অক্টোবর থেকে প্রায় ছ’মাস ক্লাস হয়ে যাওয়ার পর কীভাবে এই সিলেবাস পূরণ সম্ভব হবে? সরকারি কলেজের অধ্যক্ষদের বক্তব্য, তাঁদের ছাত্রছাত্রীরা যথাসময়েই ক্লাস করতে শুরু করেছেন। বেসরকারি কলেজের জন্য তাঁরাও জুলাইয়ে পরীক্ষা দিতে বাধ্য হবেন। এতে তাঁদের বাড়তি সময় নষ্ট হচ্ছে। তাঁদের মার্চেই প্রথম সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার কথা। তৃতীয় দফায় পোর্টাল চালুর দাবিতে হাইকোর্টে মামলা করা ইউনাইটেড ফোরামের সভাপতি তপন বেরা বলেন, ‘উচ্চশিক্ষা দপ্তর এবং বিশ্ববিদ্যালয়কে পক্ষ করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় জানতে চায়, নিয়ামক সংস্থা এনসিটিই’র নিয়ম মেনে কীভাবে ক্লাস হবে? এনসিটিই’র নিয়ম অনুযায়ী ১০০ দিন ক্লাস করার কথা বলা আছে। সেটা ঘণ্টার হিসেবেও রয়েছে। আমরা প্রতিদিন ক্লাসের সংখ্যা বাড়িয়ে, শনিবার ক্লাস নিয়ে সেই লক্ষ্যমাত্রা পূরণ করব। সেটাই দপ্তরকে জানানোয় তারা ছাড় দিয়েছে।’ যদিও ওয়াকিবহাল মহলের বক্তব্য, প্রতি বছর এভাবে শূন্য আসন পূরণ করতে গিয়ে শিক্ষাবর্ষের হিসেবই ওলটপালট হয়ে যাচ্ছে। এতে দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে কোর্সগুলির উপর।