নয়াদিল্লি: পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোকসিকে গ্রেপ্তার করেছে বেলজিয়াম পুলিস। তাঁকে দেশে ফেরাতে তৎপর সিবিআই। এই ঘটনায় ভারত সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপ মামলার হুইসলব্লোয়ার হরিপ্রসাদ এসভি। তিনি জানিয়েছেন, মেহুল চোকসি যাঁদের সঙ্গে প্রতারণা করেছিলেন, এটা তাঁদের কাছে একটা দারুণ খবর। একইসঙ্গে তিনি বলেছেন, এই পলাতক ব্যবসায়ীকে ভারতে আনার কাজ মোটেই সহজ নয়। এজন্য অনেক কাঠখড় পোড়াতে হবে। কারণ, তাঁর প্রচুর টাকাপয়সা রয়েছে। প্রত্যর্পণ আটকাতে ইউরোপের নামীদামি আইনজীবীদের মাঠে নামাবেন মেহুল চোকসি। ডোমিনিকাতে ধরা পড়েও যেভাবে তিনি রক্ষা পেয়েছিলেন, সেই ঘটনার প্রসঙ্গ টেনে এনেছেন হরিপ্রসাদ। তবে এবার ভারত সরকার সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।



