


শ্রীকান্ত পড়্যা, তমলুক: আইপিএলের আবহে যুব সমাজকে মাঠমুখী করার বার্তা দিতে কাঁথি-৩ ব্লক সভাপতি কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল খড়িপুকুরিয়ায়। দিন-রাতের টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। সোমবার এই টুর্নামেন্ট ঘিরে খড়িপুকুরিয়ায় ব্যাপক উন্মাদনা তৈরি হল। কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজের উদ্যোগে এই জমকালো ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হল। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক বিকাশবাবু ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান, পটাশপুর-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পীযূষকান্তি পণ্ডা, স্থানীয় জেলা পরিষদ সদস্যা মিতারানি সাউ প্রমুখ।
সোমবার আট দলের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় জামশেদপুরের সৌম্য একাদশ। পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা এবং ট্রফি দেওয়া হয়। রানার্স হয়েছে মা তারা ক্যান্টিন ও রেস্টুরেন্ট। ওই ক্যান্টিনের মালিক চন্দন মান্না বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড় এনে টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। পুরস্কার হিসেবে ৭০হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়েছে। এছাড়াও ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, ফাইনাল ম্যাচে সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, সেরা ফিল্ডার, সেরা স্টাইলিস্ট প্লেয়ার, সেরা ক্যাপ্টেন সহ নানা ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এই টুর্নামেন্ট উপলক্ষ্যে কাঁথি-৩ ব্লকের ১০০টি ক্লাবকে ফুটবল ও ভলিবল উপহার দেওয়া হয়েছে। কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি ফ্যান ক্লাব এই টুর্নামেন্ট আয়োজন করে। ওই ব্লকের বিভিন্ন ক্লাবের সদস্যরা টুর্নামেন্ট সফল করার জন্য সক্রিয়ভাবে অংশ নেন। দিন-রাতের এই ক্রিকেট টুর্নামেন্ট দেখতে কাঁথি শহর ও গ্রামীণ এলাকার বিভিন্ন জায়গা থেকে ক্রিকেটপ্রেমী মানুষজন ভিড় জমান। ভিনরাজ্য থেকে টিম এবং প্লেয়াররা অংশ নিয়েছিলেন। সেকারণে এই টুর্নামেন্ট আকর্ষণীয় হয়ে ওঠে।
আগামী দিনেও এধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে বিকাশবাবু জানান। প্রথম বছরের উৎসাহ ও উদ্দীপনা দেখে আয়োজকরা খুশি। বিকাশবাবু বলেন, যুব সমাজ ক্রমাগত মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। সর্বক্ষণের সঙ্গী হচ্ছে মোবাইল। যেকারণে আগের মতো আর আউটডোর গেমে যুব সমাজকে দেখা যাচ্ছে না। ফুটবল, ক্রিকেট নিয়ে তাদের উৎসাহ কমছে। এটা মোটেও ভালো লক্ষ্মণ নয়। তাই যুব সমাজের মধ্যে আউটডোরে গেম নিয়ে আগ্রহ বাড়াতে আমরা সভাপতি কাপ-’২৫ চালু করি। তাতে দারুণ সাড়া পাওয়া গিয়েছে। আমরা একশো ক্লাবকে ফুটবল ও ভলিবল দিয়েছি। ফি-বছর এধরনের টুর্নামেন্ট হবে। খেলাধুলোয় যুব সমাজকে আগ্রহী করে তুলতেই হবে। এই অঙ্গীকারকে সামনে রেখে সভাপতি কাপ টুর্নামেন্টকে আগামী দিনেও আরও আকর্ষণীয় করে তুলতে চাই।