নয়াদিল্লি: দলের অন্দরে ও বাইরে ব্যাপক ক্ষোভ। আর তাতেই বিজু পট্টনায়েককে নিয়ে মন্তব্য ইস্যুতে ঢোঁক গিললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বুধবার তিনি জানিয়েছেন, ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইছেন। নিশিকান্তের সাফাই, নেহরুকে নিয়ে মন্তব্য করতে গিয়ে ভুলবশত ‘বিজু বাবু’র নাম জড়িয়ে গিয়েছে। এদিন এক্স হ্যান্ডলে গোড্ডার সাংসদ লিখেছেন, ‘গত সপ্তাহে আমি মিডিয়ার সামনে নেহরু-গান্ধী পরিবারের ভূমিকা নিয়ে কথা বলছিলাম। ভুল করে সেই বক্তব্যের সঙ্গে ভারতের অন্যতম শ্রেষ্ঠ নেতা শ্রদ্ধেয় বিজু পট্টনায়েকের নামও জুড়ে যায়। আমি যে সব কথা বলছিলাম, তা আমার ব্যক্তিগত মত। নেহরুজিকে নিয়ে যে মন্তব্য করেছিলাম, তা বিজু বাবু সম্পর্কে করা হয়েছে বলে ধরা হয়।’ বিজেপি সাংসদ আরও লিখেছেন, ‘বিজু বাবু আমাদের কাছে এক মহান রাষ্ট্রনায়ক। আমার কোনো মন্তব্যে যদি কারও অনুভূতিতে আঘাত লেগে থাকে, তাহলে আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি।’



