Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নির্বাচনের মুখে প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব, বৈঠক চলাকালীনই প্রার্থীর পাশে বসা নেতাকে বেধড়ক মার

প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে। বুধবার দ্বিতীয় দফার ভোট। আজ, শেষ দফার প্রচার। ঠিক তার আগে বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল।

নির্বাচনের মুখে প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব, বৈঠক চলাকালীনই প্রার্থীর পাশে বসা নেতাকে বেধড়ক মার
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে। বুধবার দ্বিতীয় দফার ভোট। আজ, শেষ দফার প্রচার। ঠিক তার আগে বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। রবিবার সকাল থেকে সে ঘটনার ভিডিয়ো ভাইরাল। ছবিতে স্পষ্ট দেখা গিয়েছে, বিধাননগরের বিজেপি প্রার্থী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় দলে গ্রুপবাজি নিয়ে কথা বলছেন। তারপরই প্রার্থীর সামনে উত্তেজিত বিজেপি কর্মীদের তুমুল মারপিট শুরু হয়! ভোটের মুখে এমন ভিডিয়ো সামনে আসার পর অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। তৃণমূলের দাবি, ‘ওরা জানে, মানুষের ভোটে শূন্যের ঝুলি নিয়ে বিজেপিকে ফিরতে হবে। তাই নিজেদের মধ্যেই মারপিট শুরু করে দিয়েছে।’ ভিডিয়োটি এআই দিয়ে তৈরি এমন দাবি না করে বিজেপি নেতারা স্বীকার করেছেন, এটি পুরনো ভিডিয়ো। স্থানীয় নেতৃত্বদের মধ্যে একটু সমস্যা হয়েছিল। মিটে গিয়েছে। সকলে এক হয়েই লড়াই করছেন। কোনো দ্বন্দ্ব নেই।

Advertisement

বিধাননগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী সুজিত বসু। তিনি চারবারের জয়ী বিধায়ক। পঞ্চমবারের জন্য ফের লড়ছেন। গোটা এলাকা তাঁর হাতের তালুর মতো চেনা। সুজিত বসুর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। শেষ রবিবারে সব প্রার্থী যখন প্রচারে ব্যস্ত তখন সোশ্যাল মিডিয়ায় বিজেপির কোন্দলের ভিডিয়ো ভাইরাল। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, শারদ্বত বিজেপি নেতা-কর্মীদের নিয়ে একটি ঘরের ভিতর বৈঠক করছেন। সেখানে প্রার্থীর মুখে শোনা যাচ্ছে, ‘বেনুদার একটি গ্রুপ, কৌশিকদার একটি গ্রুপ’! তারপরই সামনে বসে থাকা এক যুবক উত্তেজিত হয়ে পড়েন। বেনুদার গ্রুপ নেই বলে তিনি জোরে জোরে টেবিল চাপড়াতে থাকেন। তারপরই তিনি প্রার্থীর পাশে বসে থাকা এক নেতাকে মারধর শুরু করে দেন! সঙ্গে সঙ্গে তুমুল গণ্ডগোল শুরু হয়ে যায়। মারপিটে জড়িয়ে পড়েন অনেকেই। চেয়ার লন্ডভন্ড হয়ে মাটিতে ছিটকে পড়ে। মেঝের মধ্যে একজন নেতা বা কর্মীকে গড়াগড়ি খেতেও দেখা যায়! শেষ রবিবারে এ হেন ভিডিয়ো সামনে আসায় চরম বিপাকে পড়েছে বিজেপি। এ ব্যাপারে বিধাননগরের বিজেপি নেতা তথা দলের রাজ্য কমিটির সদস্য অনুপম ঘোষ বলেন, ‘ভিডিয়োটি অনেক পুরানো। তখন সবে প্রার্থী ঘোষণা হয়েছিল। এলাকার নেতা-কর্মীদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরক্ষণেই মিটে যায়। এখন গোটা বিধাননগরে আমাদের কোথাও কোনো সমস্যা নেই। সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ হয়ে লড়ছেন। আমরাই জিতব’।

Advertisement
সম্পর্কিত সংবাদ