নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভোট ঘোষণা হয়েছে রবিবার। সোমবারই রাজ্যের ১৪৪টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিজেপি। এদিন সন্ধ্যা থেকেই বাম ও বিজেপির প্রার্থী তালিকা নিয়ে পাড়ায়, মহল্লায়, রাজনৈতিক মহলে নানা চর্চা শুরু হয়ে গিয়েছে। আর সেক্ষেত্রে বারবার ঘুরেফিরে আসছে ‘মতুয়াগড়’ হিসেবে পরিচিত বনগাঁ মহকুমার প্রসঙ্গ। কারণ, বিজেপি তাদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করলেও বনগাঁর চারটি বিধানসভার (বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা ও বাগদা) একটিরও সেখানে ঠাঁই হয়নি। একের পর এক নির্বাচনে এই কেন্দ্রগুলিতে গেরুয়া শিবির সাফল্য পেয়ে এসেছে। গত লোকসভা নির্বাচনেও এসব এলাকায় জিতেছেন বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর। তাহলে কেন প্রথম তালিকায় একটি কেন্দ্রেরও প্রার্থীর নাম ঘোষণা হল না? চলতি এসআইআর পর্বে মতুয়াদের নাগরিকেত্বের প্রশ্নে বিজেপি যথেষ্ট বেকায়দায় বলেই কি এই ‘বঞ্চনা’? নাকি বিগত দিনে বনগাঁয় যেভাবে গেরুয়া শিবিরের গোষ্ঠী কোন্দল বারবার বেআব্রু হয়েছে, তারই প্রভাব পড়ল প্রার্থী তালিকা প্রকাশে? এসব প্রশ্নে জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে ‘মতুয়াগড়ে’। তাছাড়া, বনগাঁর ঠাকুরনগরে বারুণি মেলা শুরু হয়ে গিয়েছে। মতুয়াদের এই বার্ষিক জমায়েত পর্যবেক্ষণের পর বিজেপি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলেও মনে করছেন কেউ কেউ।
এসআইআরে বনগাঁর চার বিধানসভা কেন্দ্র থেকে ইতিমধ্যে বাদ গিয়েছে ৩৬ হাজার ৯০১ জনের নাম। বিচারাধীন ভোটারের সংখ্যা ৬১ হাজার ৪৮০। এর মধ্যে ৯০ শতাংশই মতুয়া সম্প্রদায়ের। গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে চার কেন্দ্রেই মতুয়ারা উজাড় করে ভোট দিয়েছিল বিজেপিকে। কিন্তু এসআইআর পর্ব শুরুর সময় থেকে পরিস্থিতি বদলাতে থাকে। মতুয়াদের নাগরিকত্বের প্রশ্নে বিজেপির যে প্রতিশ্রুতি ছিল, তা পূরণ হয়নি বলে অভিযোগে সোচ্চার হয় এই সম্প্রদায়ের একাংশ। তাহলে কি এখনও জল মাপতে চাইছে বিজেপি নেতৃত্ব? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। যদিও এনিয়ে কোনো মন্তব্য করেননি স্থানীয় বিজেপি নেতারা।
কে কোথায় প্রার্থী হবেন, তা নিয়ে বিজেপির অন্দরে জল্পনায় অবশ্য কোনো কমতি নেই। বারাসত, বনগাঁ ও বসিরহাট মহকুমার আসনগুলি নিয়ে কৌতূহল সর্বাধিক। বিভিন্ন বিধানসভা এলাকা থেকে একাধিক নেতার নাম উঠে আসছে। কেউ বলছেন সংগঠনের পুরানো মুখকে সামনে আনা উচিত। কারও মতে নতুন মুখই চমক দিতে পারে। বহিরাগত কাউকে প্রার্থী করার বদলে এলাকার পরিচিত মুখকে প্রার্থী করা নিয়ে সওয়াল করছে বিজেপির নেতাকর্মীদের একাংশ। সূত্রের খবর, গত লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে বারাসত, হাবড়া বিধানসভাকে টার্গেট করেছে পদ্মশিবির। এই দুই বিধানসভায় প্রার্থী কে হবেন, তা নিয়ে দলের শীর্ষমহলে চর্চা চলছে বলে সূত্রের দাবি। বসিরহাট মহকুমার মধ্যে বিজেপি ভালো ফলের আশা করছে হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালিতে।