Bartaman Logo
৯ জুন, ২০২৬

নবীনকে রাজ্যসভায় পাঠাতে উদ্যোগ বিজেপির

কম হলে ১৩৭। সর্বোচ্চ হলে ১৪০। ২০২৬ সালের শেষে সব মিলিয়ে মোট ৭২ রাজ্যসভার আসনের নির্বাচন। বিজেপি আশা করছে, তাদের জোট এই সংখ্যা দখল করতে সক্ষম হবে।

নবীনকে রাজ্যসভায় পাঠাতে উদ্যোগ বিজেপির
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কম হলে ১৩৭। সর্বোচ্চ হলে ১৪০। ২০২৬ সালের শেষে সব মিলিয়ে মোট ৭২ রাজ্যসভার আসনের নির্বাচন। বিজেপি আশা করছে, তাদের জোট এই সংখ্যা দখল করতে সক্ষম হবে। প্রথম পর্বের ভোট হবে ৩৭ আসনের। ১৫ মার্চ ভোটগ্রহণ। মনোনয়ন পর্ব শুরু হয়েছে। বিজেপি সূত্রের খবর, সদ্য দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনকে রাজ্যসভায় প্রার্থী করা হতে পারে। যদি সেটা করা হয়, তাহলে তিনি হবেন কেন্দ্রীয় মন্ত্রীও। অর্থাৎ সেক্ষেত্রে তাঁকে রাজ্যের বিধায়ক ও মন্ত্রিপদ ছাড়তে হবে। এই ফরমুলা জগৎপ্রকাশ নাড্ডার ক্ষেত্রেও দেখা গিয়েছে। কিন্তু বিজেপির এক ব্যক্তি এক পদ ফরমুলার সঙ্গে এই মডেল সামঞ্জস্যপূর্ণ নয়। তাই নীতীন নবীনের ক্ষেত্রে সেই ফরমুলা‌ই বাধা হয়ে দাঁড়াতে পারে। ২৪৫ আসনের মধ্যে বিজেপির কাছে এককভাবে রয়েছে ১০৩ আসন। ১৩০ আসন রয়েছে এনডিএ জোটের। অর্থাৎ রাজ্যসভার সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা ১২৩ এর তুলনায় বিজেপি জোটের কাছে যথেষ্ট বেশি আসন রয়েছে।  মোট ৭২ আসন এই বছর শূন্য হচ্ছে। তার মধ্যে এনডিএ জোটের দখলে রয়েছে ৪২ আসন। সেটি অন্তত ৪৬ হবে। পক্ষান্তরে ইন্ডিয়া জোটের কাছে রয়েছে ২৩ আসন। তাদের একটি আসন হারাতে হতে পারে। পরবর্তী পর্বে যখন একে একে বাকি ৩৫ আসনের ভোট হবে, তখনও এনডিএর আসন বাড়বে। বিরোধীদের কমবে। বিজেপির রাজনৈতিক ম্যানেজারদের হিসাব আগামী নভেম্বর মাসের মধ্যে সব শূন্য আসনে যখন নির্বাচন সম্পূর্ণ হবে, তখন অন্তত ১৪০ আসন হবে জোটের। যা রাজ্যসভার সংসদীয় রাজনীতিতে বিজেপির কাছে বড়সড় অক্সিজেন।  নীতিন নবীন। - ফাইল চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ