Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

জল জীবন মিশনে সর্বাধিক অভিযোগ বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও অসমে

গ্রামীণ এলাকায় ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য। এজন্য কেন্দ্র চালু করেছিল জল জীবন মিশন। এই প্রকল্প নিয়ে বহুদিন ধরেই অভিযোগের অন্ত নেই।

জল জীবন মিশনে সর্বাধিক অভিযোগ বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও অসমে
  • ১ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

সুতপা গুহ, আগরতলা: গ্রামীণ এলাকায় ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য। এজন্য কেন্দ্র চালু করেছিল জল জীবন মিশন। এই প্রকল্প নিয়ে বহুদিন ধরেই অভিযোগের অন্ত নেই। কোথাও পানের অযোগ্য জল দেওয়া হচ্ছে। কোথাও পাইপ পৌঁছে গেলেও জলের দেখা নেই। এই প্রকল্পে মোট ১৮,৭৯০টি অভিযোগ জমা পড়েছে কেন্দ্রের কাছে। এরমধ্যে সর্বাধিক অভিযোগ এসেছে বিজেপি শাসিত দুই ডবল ইঞ্জিন রাজ্য থেকে। এক্ষেত্রে শীর্ষে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। দ্বিতীয় স্থানে হিমন্ত বিশ্বশর্মার অসম। সোমবার রাজ্যসভায় এই তথ্য জানিয়েছে খোদ মোদি সরকার। 

Advertisement

সাংসদ ফুলো দেবী নেতামের প্রশ্নের উত্তরে জল শক্তিমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি সোমান্না জানান, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ সহ বিভিন্ন উৎস থেকে এই অভিযোগগুলি পাওয়া গিয়েছে। লিখিত উত্তরে মন্ত্রী জানিয়েছেন, আর্থিক অসংগতি, নিম্নমানের কাজ, অকেজো সংযোগ সহ অন্যান্য সমস্যা সম্পর্কিত মোট ১৮ হাজার ৭৯০টি অভিযোগ এসেছে। এরমধ্যে ১৬ হাজার১৭৮টি উত্তর প্রদেশের। অসম থেকে এসেছে ১ হাজার ২২৬  অভিযোগ। অন্যান্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে অভিযোগ তুলনায় নগন্য। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সহ অন্ধ্রপ্রদেশ, বিহার, গোয়া, লাক্ষদ্বীপ, পুদুচেরি এবং সিকিম সহ দশটি রাজ্য থেকে কোনও অভিযোগই জমা পড়েনি। 
উল্লেখ্য, উত্তরপ্রদেশে জল জীবন মিশনে প্রকল্পে ২০২১-২২ অর্থবর্ষে ২৩ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছিল। পরবর্তী পাঁচ বছরের জন্য ২০২৫-২৬ পর্যন্ত ২২ হাজার ৮০৮ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে অসমের এই প্রকল্পে ২০২১-২২ অর্থবর্ষে ৬ হাজার ৩৬১ কোটি ৪ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। পরবর্তী পাঁচ বছর অর্থাৎ ২০২৫-২৬ পর্যন্ত ৩ হাজার ৭৫২ কোটি টাকা বরাদ্দ  হয়েছে।  কিন্তু বিপুল অভিযোগের পরিপ্রেক্ষিতে বিরোধীদের কটাক্ষ, ঘরে ঘরে পানীয় জল শুধু গালভরা বক্তব্য। বাস্তব চিত্র একেবারেই ভিন্ন।

Advertisement
সম্পর্কিত সংবাদ