Bartaman Logo
২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণ হাওড়ায় সাফাই অভিযানে বিজেপি, বুলডোজারে দখলমুক্ত পার্ক-খেলার মাঠ

পরিত্যক্ত পার্ক, ঝোপঝাড়ে ভরা খেলার মাঠ আর পাহাড়প্রমাণ আবর্জনার ভ্যাট ঘিরে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল দক্ষিণ হাওড়ার দানেশ শেখ লেন এলাকায়।

দক্ষিণ হাওড়ায় সাফাই অভিযানে বিজেপি, বুলডোজারে দখলমুক্ত পার্ক-খেলার মাঠ
  • ১১ মে, ২০২৬ ১০:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পরিত্যক্ত পার্ক, ঝোপঝাড়ে ভরা খেলার মাঠ আর পাহাড়প্রমাণ আবর্জনার ভ্যাট ঘিরে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল দক্ষিণ হাওড়ার দানেশ শেখ লেন এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে নাগরিক পরিষেবার বেহাল অবস্থা চলছিল। কোনও স্থায়ী সমাধান হয়নি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার সেই পরিস্থিতি বদলাতে সরাসরি মাঠে নামল বিজেপি। রবিবার হাওড়া পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডে রীতিমতো বুলডোজার নামিয়ে সাফাই ও দখলমুক্ত করার অভিযান চালায় জেলা বিজেপির স্বচ্ছ ভারত সেল।

Advertisement

এদিন সকাল থেকেই বিজেপি নেতা তথা স্বচ্ছ ভারত সেলের আহ্বায়ক বরুণ বারিকদারের নেতৃত্বে বিজেপি কর্মীরা এলাকায় সাফাই অভিযানে নামেন। তাঁদের অভিযোগ, দানেশ শেখ লেন এলাকায় দীর্ঘদিন ধরে একটি ভ্যাটে আশপাশের একাধিক ওয়ার্ডের আবর্জনা এনে ফেলা হতো। নিয়মিত পরিষ্কার না হওয়ায় সেখানকার দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অতিষ্ঠ হয়ে উঠছিলেন স্থানীয় বাসিন্দারা। অনেকের দাবি, বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিত। সব মিলিয়ে তীব্র দুর্ভোগের মধ্যে দিন কাটছিল এলাকার মানুষের।
বিজেপির তরফে হাওড়া পুরসভার কাছে ভ্যাট সরানোর দাবি জানানো হলে এদিন পুরসভার কর্মীরা দীর্ঘদিনের জমে থাকা আবর্জনা সরানোর কাজ শুরু করেন। পাশাপাশি বহু বছর আগে তৈরি হওয়া একটি পার্কও কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বলে অভিযোগ। লাগোয়া খেলার মাঠও অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছিল। সন্ধ্যা নামলেই সেখানে নিত্যদিন মদ্যপান চলত বলে দাবি বাসিন্দাদের।
এদিন বুলডোজার নামিয়ে মাঠ ও পার্ক পরিষ্কারের কাজে হাত দেন বিজেপি কর্মীরা। দীর্ঘ সময় ধরে চলে ঝোপঝাড় পরিষ্কার ও দখলমুক্ত করার কাজ। এলাকায় এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিজেপি নেতা বরুণ বারিকদার বলেন, এলাকার শিশুদের খেলার কোনও জায়গাই ছিল না। মাঠ নেশাখোরদের দখলে চলে গিয়েছিল। পার্ক বন্ধ হয়ে পড়েছিল। দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে উঠলেও প্রতিবাদ করার সাহস পাচ্ছিলেন না। এসব আর চলতে দেওয়া হবে না।
স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, এলাকার একাধিক সরকারি জমিও বছরের পর বছর বেআইনি পার্কিংয়ের দখলে চলে গিয়েছে। সেই দখলদারি সরাতেও এবার উদ্যোগ নিয়েছে বিজেপি। দানেশ শেখ লেনকে বেআইনি পার্কিং মুক্ত করতে ইতিমধ্যেই গাড়ির মালিকদের মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ