পানাজি: গত লোকসভা ভোটের আগেই মহিলাদের উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছিল এনডিএ প্রার্থীর বিরুদ্ধে। জেডিএস-এর বিদায়ী সাংসদ প্রোজ্জ্বল রেভান্নার লালসার শিকার হয়েছিলেন কয়েকশো মহিলা। তাঁদের যৌন নির্যাতনের ভিডিয়ো পর্যন্ত রেকর্ড করে ব্ল্যাকমেল করতেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি। সেই ঘটনারই পুনরাবৃত্তি এবার গোয়ায়। নাবালিকাদের সঙ্গে যৌন সংসর্গ এবং তার ভিডিয়ো তুলে ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেপ্তার করা হল এক বিজেপি নেতার ছেলেকে। ধৃতের নাম সোহম সুশান্ত নায়েক। কুরচোরেম পুরসভার বিজেপি কাউন্সিলার সুশান্ত নায়েকের ছেলে তিনি। অভিযোগ, গত তিন বছর ধরে অন্তত ২৫ থেকে ৩০ জন নাবালিকা তাঁর লালসার শিকার হয়েছে। যৌন সংসর্গের সময়কার ভিডিয়ো তুলে রাখত ২০ বছরের সোহম। নির্যাতিতাদের মুখ বন্ধ রাখতে সেই ভিডিয়ো প্রকাশের ভয় দেখানো হত। এতদিন সোহমের কুকীর্তি নিয়ে কানাঘুষো ছিল। গত সপ্তাহে এক পার্টিতে আকণ্ঠ মদ পান করে মত্ত অবস্থায় বন্ধুদের সেই ভিডিয়োগুলি দেখিয়ে দেয় সে। এরপরেই আগুনে ঘি পড়ে।



