মুলতান: পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ। সোমবার দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিনে হোমটিমকে ১২০ রানের বড়সড় ব্যবধানে হারাল ক্যারিবিয়ানরা। পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ। আর তাতে প্রধান ভূমিকা থাকল বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানের। ২৭ রানে পাঁচ উইকেট নিলেন তিনি। তাঁর দাপটেই ২৫৪ রানের টার্গেট তাড়া করে পাকিস্তান থামল মাত্র ১৩৩ রানে। ম্যাচে ওয়ারিক্যানের শিকারসংখ্যা ৯। উল্লেখ্য, প্রথম টেস্ট ১২৭ রানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের সুবাদে দুই টেস্টের সিরিজ ১-১ ড্র করল তারা। অথচ, টেস্টের প্রথম দিন মাত্র ৩৮ রানে সাত উইকেট খুইয়ে ধুঁকছিল ক্রেগ ব্রেথওয়েটের দল। কিন্তু টেলএন্ডাররা ১৬৩ রানে পৌঁছে দেয় ইনিংস। তারপরও শান মাসুদ বাহিনীর এমন আত্মসমর্পণ বিস্ময়কর।
Advertisement
ম্যাচ ও সিরিজের সেরা ওয়ারিক্যান বলেছেন, ‘গেমপ্ল্যান মেনে বল করেছি। গতির হেরফের ঘটিয়েছি। একই লেংথে ক্রমাগত বল রেখেছি। ধারাবাহিকতায় জোর দিয়েই এসেছে সাফল্য।’ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রেথওয়েটের মতে, ‘দীর্ঘদিন এদেশে জিতিনি। তরুণ দল নিয়ে পাকিস্তানে এসে টেস্ট জিতে তাই আমরা তৃপ্ত।’



