ভায়াদোলিদ- ১ : বার্সেলোনা- ২
রিয়াল মাদ্রিদ- ৩ : সেলতা ভিগো- ২
ভায়াদোলিদ- ১ : বার্সেলোনা- ২
রিয়াল মাদ্রিদ- ৩ : সেলতা ভিগো- ২
মাদ্রিদ: চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি পর্বে মঙ্গলবার ইন্তার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা। সেই ম্যাচের কথা মাথায় রেখে লা লিগায় পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা ভায়াদোলিদের বিরুদ্ধে দলে একাধিক পরিবর্তন করেছিলেন কোচ হান্স ফ্লিক। তবে ‘ফাস্ট বয়’ বনাম ‘লাস্ট বয়’এর লড়াইটা যতটা একপেশে হওয়ার কথা ছিল, বাস্তবে তেমনটা ঘটেনি। বরং অ্যাওয়ে ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়েছিল কাতালন ক্লাবটি। শেষ পর্যন্ত ২-১ গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। কিছুটা বাধ্য হয়েই দ্বিতীয়ার্ধে একের পর এক ফুটবলার পরিবর্তন করে পরিস্থিতির সামাল দেন বার্সা কোচ। দ্বিতীয়ার্ধে রাফিনহা ও ফারমিন লোপেজের গোলে জয় নিশ্চিত হয় ২৭ বারের লিগ চ্যাম্পিয়নদের। ভায়াদোলিদের একমাত্র গোলটি ইভান স্যাঞ্চেজের। এই জয়ের সুবাদে ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে হান্স ফ্লিকের ছেলেরা।
ধারেভারে অনেকটাই পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে একঝাঁক তরুণ ফুটবলারের উপর আস্থা রেখেছিলেন ফ্লিক। বিশেষত এদিন নজর ছিল ১৯ বছরের ড্যানি রডরিগেজের উপর। তবে সিনিয়র দলের হয়ে অভিষেকটা সুখের হল না এই তরুণ উইঙ্গারের। ম্যাচের ৩৮ মিনিটে ডানহাতে গুরুতর চোট পেয়ে চোখের জলে মাঠ ছাড়েন তিনি। ড্যানির পরিবর্তে মাঠে নেমে ভরসা জোগান ইয়ামাল। আর দ্বিতীয়ার্ধে রাফিনহা আসতেই ম্যাচের রং বদলে যায়।
লা লিগায় জয় পেল রিয়াল মাদ্রিদও। রবিবার ঘরের মাঠে সেলতা ভিগোকে ৩-২ গোলে হারাল কার্লো আনসেলোত্তি-ব্রিগেড। ম্যাচে জোড়া গোল কিলিয়ান এমবাপের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন আর্দা গুলের। ম্যাচে একটা সময় ৩-০ লিড নিয়েও দু’গোল হজম করে রিয়াল। সেলতা ভিগোর দুই গোলদাতা হাভি রডরিগেজ ও উইলিয়ট সুইডবার্গ। এই জয়ের সুবাদে ৩৪ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লিগ জয়ের দৌড়ে বার্সেলোনার উপর চাপ বজায় রাখল রিয়াল।