


আতলেতিকো- ০ : বার্সেলোনা- ১
(দু’লেগ মিলিয়ে ৫-৪ জয়ী বার্সা)
মাদ্রিদ: চলতি মরশুমে আরও এক এল ক্লাসিকোর সাক্ষী থাকতে চলেছেন ফুটবল অনুরাগীরা। কোপা ডেল রে’র ফাইনালে মুখোমুখি হবে স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালের ফিরতি লেগে অ্যাওয়ে ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারাল কাতালন ক্লাবটি। সেই সুবাদে দু’লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে খেতাবি লড়াইয়ের টিকিট নিশ্চিত হল হান্স ফ্লিক-ব্রিগেডের। ম্যাচের একমাত্র গোলটি ফেরান তোরেসের। উল্লেখ্য, প্রথম লেগে ঘরের মাঠে ৪-৪ গোলে মাঠ ছেড়েছিল বার্সা। এদিন অবশ্য প্রতিপক্ষের ডেরায় দুর্গ অক্ষত রাখতে সফল পাও কুবার্সি-ইনিগো মার্তিনেজরা। আগামী ২৬ এপ্রিল সেভিয়ার স্তাদিও লা কার্তুজাতে শিরাপো জয়ের লক্ষ্যে নামছে রিয়াল ও বার্সেলোনা।
হান্স ফ্লিকের প্রশিক্ষণে চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। দীর্ঘ সময় পর ত্রিমুকুট জয়ের সুযোগ রয়েছে কাতালন ক্লাবটির সামনে। লা লিগায় বর্তমানে শীর্ষস্থান ধরে রেখেছে ক্যাম্প ন্যুয়ের ক্লাবটি। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের টিকিট নিশ্চিত করেছেন তারা। এবার কোপা ডেল রে’র ফাইনালে পৌঁছে বার্সা। এছাড়া রিয়াল মাদ্রিদকে হারিয়ে ইতিমধ্যেই স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছেন রাফিনহারা। এবার কোপা ডেল রে’র ফাইনালেও তার পুনরাবৃত্তি ঘটানোই লক্ষ্য তাঁদের।
বুধবার রবার্ট লিওয়ানডস্কিকে বেঞ্চে রেখেই দল সাজিয়েছিলেন বার্সা। পোলিশ স্ট্রাইকারের অভাব অবশ্য টের পেতে দেননি রাফিনহা-ইয়ামালরা। অ্যাওয়ে ম্যাচে শুরু থেকেই আতলেতিকো রক্ষণে চাপ বজায় রাখেন বার্সা অ্যাটাকাররা। ঘরের মাঠে পাঁচ ডিফেন্ডারে দল সাজিয়েও গোল হজমের হাত থেকে রেহাই পাননি আতলেতিকো কোচ ডিয়েগো সিমোনে। ২৭ মিনিটে লামিনে ইয়ামালের থ্রু পাস ধরে জাল কাঁপান ফেরান তোরেস (১-০)। এরপর প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে বার্সার জয়ের ব্যবধান আরও বাড়ত। পক্ষান্তরে, প্রতিপক্ষের তিনকাঠিতে একটাও শট রাখতে ব্যর্থ আলভারেজ-গ্রিজম্যানরা।