Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আরব সাগরে পাকিস্তানি উপকূলরক্ষী বাহিনীর বোটে হামলা চালাল বালোচ আর্মি, মৃত ৩

শ্রীলঙ্কার তামিল টাইগারের মতো নৌসেনা গড়ল বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ। হামলায় পাকিস্তানের ৩ জন উপকূলরক্ষী বাহিনীকে খতম করল তারা।

আরব সাগরে পাকিস্তানি উপকূলরক্ষী বাহিনীর বোটে হামলা চালাল বালোচ আর্মি, মৃত ৩
  • ১৪ এপ্রিল, ২০২৬ ১৬:০৪
Prefer us on Google

বালোচিস্তান, ১৪ এপ্রিল: শ্রীলঙ্কার তামিল টাইগারের মতো নৌসেনা গড়ল বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ। হামলায় পাকিস্তানের ৩ জন উপকূলরক্ষী বাহিনীকে খতম করল তারা। ইতিপূর্বেই তাদের নৌসেনা গঠনের কথা জানিয়েছিল বালোচ আর্মি। জানানো হয়েছিল, তাদের নৌবাহিনীর নাম হাম্মাল মেরিটাইম ডিফেন্স ফোর্স। তারপরই সোমবার এই হামলার ঘটনাটি সামনে আসে। জানা গিয়েছে, পাকিস্তান-ইরান সীমান্ত সংলগ্ন আরব সাগরে পাকিস্তানি উপকূলরক্ষী বাহিনীর একটি বোট টহল দিচ্ছিল। রুটিন টহল দেওয়ার সময় আচমকাই হামলা চালানো হয়। তাতে সম্পূর্ণভাবে হকচকিয়ে যায় পাক নৌসেনা। হামলায় ৩ জনের মৃত্যু হয়। এরপর নিরাপদে ফিরে যায় বিএলএ-র নৌসেনা।

Advertisement

এতদিন পর্যন্ত পাক সেনাকে লক্ষ্য করে চোরাগোপ্তা হামলাই চালাত বালোচ আর্মি। কিন্তু পাক নৌ-সেনাকে লক্ষ্য করে এই ধরনের হামলা প্রথমবার চালাল বিএলএ। ইতিমধ্যেই এই হামলার দায়ও স্বীকার করেছে তারা। ঘটনায় বিএলএ-র মুখপাত্র জিয়ান্দ বালোচ জানান, সকাল ১০টা নাগাদ তাদের বাহিনী সমুদ্রপথে প্রথবার অভিযান চালায়। যা সফল হয়েছে। এই অভিযানের নাম রাখা হয়েছিল মিল তিয়াব। স্থলপথের পাশাপাশি জলপথেও তাদের এই হামলাকে সম্পূর্ণ নতুন কৌশল বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, এই ঘটনার পর জলপথে নিরাপত্তা আরও জোরদার করেছে পাক নৌসেনা। প্রসঙ্গত, পাকিস্তানি সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই লড়াই করছে বালোচ আর্মি। তাদের পক্ষ থেকে বারবারই দাবি করে হয়েছে, পাকিস্তান জোর করে তাদের জমি দখল করে রেখেছে। যতদিন না পর্যন্ত তারা স্বাধীন হবে ততদিন এই হামলা চলবে বলেও দাবি করেছিল তারা।   

সম্পর্কিত সংবাদ