


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গিরিশ পার্কে অশান্তি ও তৃণমূল নেত্রী শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনায় জেল হেপাজতে থাকা ন’জন অভিযুক্তকে অন্তর্বর্তী জামিন দিল আদালত। সোমবার ব্যাঙ্কশাল আদালত ওই নির্দেশ দেয়। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৭ জুলাই। এদিন আদালতে মামলাটি উঠলে সরকারি কৌঁসুলি দীপনারায়ণ পাকড়াশি তদন্তের স্বার্থে ধৃতদের ফের ১৪ দিনের জেল হেপাজতের আরজি জানান। তিনি বলেন, ‘অভিযোগ গুরুতর। তাই ধৃতদের জামিন দেওয়া ঠিক হবে না। মামলায় কিছু অগ্রগতি ঘটেছে। সেসব খতিয়ে দেখতে অভিযুক্তদের ফের জেল হেপাজতে রাখা হোক।’
পালটা অভিযুক্ত পক্ষের কৌঁসুলিরা বলেন, ‘মামলায় কী অগ্রগতি ঘটেছে, তা সরকার পক্ষ আদালতে স্পষ্ট করে বলুক।’ এনিয়ে দু’পক্ষের বাদানুবাদে এজলাস কক্ষ একসময় উত্তপ্ত হয়ে ওঠে। সরকারি কৌঁসুলি বলেন, ‘মামলার অগ্রগতির বিষয়টি কেস ডায়েরিতে আছে।’ উত্তরে ধৃতদের আইনজীবীর বক্তব্য, ‘সরকারি কৌঁসুলি একই বক্তব্যকে ফাটা রেকর্ডের মতো ঘুরিয়ে ফিরিয়ে আদালতের কাছে পেশ করছেন। মামলায় নতুন কোনো অগ্রগতি নেই।’ এদিনও এই ঘটনায় নিগৃহীতদের মেডিকেল রিপোর্ট নিয়ে নানা প্রশ্ন তোলেন ধৃতদের কৌঁসুলিরা। তাঁদের কথায়, ‘পুলিশ আমাদের মক্কেলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কড়া ধারায় মামলা দিয়েছে। যার কোনো ভিত্তি নেই।’ উভয় পক্ষের বক্তব্য শেষে বিচারক সরকার পক্ষের আরজি খারিজ করে দিয়ে অভিযুক্তদের জামিনের আবেদন মঞ্জুর করেন। রায় ঘোষণা হতেই অভিযুক্তদের বাড়ির লোকজনের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। এদিন এই মামলাকে ঘিরে কোর্ট চত্বরে বাড়তি পুলিশি ব্যবস্থা করা হয়েছিল। আদালত সূত্রে জানা গিয়েছে, গিরিশ পার্ক‑কাণ্ডে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভাঙচুর, সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর, অস্ত্র দিয়ে আঘাত সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে।