যোগ্যদের ভুলে ভরা তালিকায় রয়েছেন ববিতা সরকারও, সংশোধিত লিস্ট কাল? চাপ কমাতে নতুন সচিব নিয়োগ এসএসসিতে
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসসি’র তালিকা ভুলে ভরা। এই অভিযোগ প্রার্থীদের অনেকেই তুলছিলেন। এবার হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়া ববিতা সরকারের নাম যোগ্যদের তালিকায় রেখে বিতর্কে জড়িয়েছে এসএসসি। এই তালিকায় মান্যতা দিয়ে স্কুলে যাওয়ার কথাও জানিয়েছেন কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষিকা। যদিও, এই ঘটনা প্রকাশ্যে আসায় এসএসসি’র তরফে শিক্ষাদপ্তরকে চিঠি পাঠিয়ে তাঁর নাম বাদ দিতে বলেছে। রাজ্য সরকার চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের চাপ কমানোর জন্য আবাসন দপ্তরের অধীন ওয়েবরেরার সচিব অরুণকুমার রায়কে এসএসসি’র সচিব করে পাঠিয়েছে এদিনই।

Advertisement

রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে মামলা করে তাঁকে চাকরিচ্যুত করেছিলেন ববিতা। সেই চাকরি পেয়েছিলেন তিনি। এভাবেই সংবাদ শিরোনামে আসেন ববিতা। তবে, পরে দেখা যায়, তাঁদের অ্যাকাডেমিক স্কোর বাড়িয়ে দেখানো হয়েছে। তারই জেরে আদালত অনামিকা রায় নামে এক প্রার্থীকে সেই চাকরি দেয়। তা সত্ত্বেও ববিতার নাম তালিকায় থেকে যাওয়ায় সরগরম কোচবিহার থেকে কাকদ্বীপ। কীভাবে এই ভুল? এসএসসি’র বক্তব্য, প্রযুক্তিগত ত্রুটির জেরেই এই ভুল হয়েছে। ওএমআর-এর বিচারে এবং অ্যাকাডেমিক স্কোরের আগের গণনায় ববিতা যোগ্য তালিকায় ছিলেন। সেটা আর আপডেট করা হয়নি। তারা চেষ্টা করছে, শনিবারের মধ্যে যোগ্যদের সংশোধিত তালিকা জেলায় পাঠানোর।
এসএসসি’কে যে চাপ বহন করতে হচ্ছে, তা সামাল দেওয়ার মতো লোকবলের যথেষ্ট অভাব রয়েছে বলেই বিভিন্ন সূত্রের খবর। অনেকেই বলছেন, যে কাজ শিক্ষাদপ্তর থেকে হওয়া উচিত, সেটাও অনেক সময় চাপানো হচ্ছে এসএসসি’র উপরে। এর ফল যা হওয়ার তাই হচ্ছে। এতকিছুর পরেও প্রকাশিত তালিকায় অনেক ভুল। তাই বিভিন্ন দপ্তর থেকে ডেপুটেশনে কর্মী-আধিকারিকদের বেশি সংখ্যায় এসএসসি’তে নিয়ে আসার দাবি উঠছিল। এবার অন্তত একজন সচিব আসায় পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যাবে বলে অনেকে মনে করছেন। যদিও, শিক্ষকদের একাংশের বক্তব্য, তালিকায় এত ভুল থাকলে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে তা কতটা গ্রহণযোগ্য হবে, সেই শঙ্কা থেকেই যাচ্ছে।