নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন ভুয়ো নামে প্রোফাইল তৈরি করে উস্কানি ও প্ররোচনামূলক বক্তব্য প্রচার করা হচ্ছে। এমনই তথ্য হাতে এসেছে রাজ্য পুলিসের। অশান্তি পাকানোর এই পরিপ্রেক্ষিতে সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছে রাজ্য পুলিস। বৃহস্পতিবার রাজ্য পুলিসের বার্তায় লেখা হয়েছে, ‘ভুয়ো প্রোফাইল থেকে সতর্ক থাকুন। আমাদের নজরে এসেছে ফেসবুক এবং অন্যান্য সমাজ মাধ্যমে কিছু ভুয়ো প্রোফাইল তৈরি করেছে কয়েকজন। তারা নিজেদের মুর্শিদাবাদের বিভিন্ন জায়গার বাসিন্দা বলে দাবি করছে। সেইসব প্রোফাইল থেকে দেশবিরোধী মন্তব্য করা হচ্ছে। সাম্প্রদায়িক উস্কানিমূলক বার্তা ছড়ানো হচ্ছে।’ একইসঙ্গে রাজ্য পুলিস এটাও উল্লেখ করেছে, ওই ধরনের ভুয়ো প্রোফাইলের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বহু অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। তাই সবাইকে অনুরোধ, বিভেদ, বিদ্বেষ ছড়াচ্ছে, এমন কোনও উস্কানিমূলক বার্তা শেয়ার বা ফরওয়ার্ড করবেন না।



