Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রিয়াল রক্ষণের দুর্বলতা কাজে লাগানোই লক্ষ্য আর্সেনালের

২০০৬ চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার-ফাইনাল। সেবার রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে প্রথম লেগে ঘরের মাঠে আটকে গিয়েছিল আর্সেনাল।

রিয়াল রক্ষণের দুর্বলতা কাজে লাগানোই লক্ষ্য আর্সেনালের
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ২০০৬ চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার-ফাইনাল। সেবার রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে প্রথম লেগে ঘরের মাঠে আটকে গিয়েছিল আর্সেনাল। তবে ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে থিয়েরি অঁরির গোলে দুরন্ত জয় ছিনিয়ে নেয় আর্সেন ওয়েঙ্গারের ছেলেরা। ইউরোপ সেরার লড়াইয়ে সেই প্রথম আর শেষবার মুখোমুখি হয়েছিল রিয়াল ও আর্সেনাল। ১৯ বছর পর ফের চ্যাম্পিয়ন্স লিগের আসরে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামছে এই দু’দল। মঙ্গলবার টুর্নামেন্টের শেষ আটের লড়াইয়ে প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে কার্লো আনসেলোত্তি-ব্রিগেডের মুখোমুখি হবে গানাররা। শেষ ষোলোর লড়াইয়ে পিএসভি’কে গোলের মালা পরিয়ে কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল লন্ডনের ক্লাবটি। এবার শেষ আটের লড়াইয়েও সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য মিকেল আর্তেতা-ব্রিগেডের। পক্ষান্তরে, লা লিগায় শেষ ম্যাচ হেরে মঙ্গলবার মাঠে নামছে রিয়াল। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে পেনাল্টি মিস করে খলনায়ক হয়েছিলেন ভিনিসিয়াস। ইউরোপ সেরার লড়াইয়ে অবশ্য ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপেরা।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে চলতি মরশুমে শুরুটা খুব একটা ভালো হয়নি রিয়ালের। গ্রুপ পর্বে প্রথম পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে হারের মুখ দেখেছিল তারা। একটা সময় টুর্নামেন্টে বিদায়ের আশঙ্কা দেখা দেয় সর্বাধিক চ্যাম্পিয়নদের ঘিরে। তবে পরের তিনটি ম্যাচ জিতে প্লে-অফের টিকিট নিশ্চিত করে আনসেলোত্তির ছেলেরা। এই পর্বে ম্যান সিটির বিরুদ্ধে দু’লেগেই দাপুটে জয় ছিনিয়ে নেয় তারা। এরপর কোয়ার্টার-ফাইনালে মাদ্রিদ ডার্বিতে প্রথম লেগে জিতলেও, ফিরতি পর্বে আতলেতিকোর বিরুদ্ধে হারের মুখ দেখতে হয় তাদের। তবে টাই-ব্রেকারের লড়াইয়ে আরও একবার বাজিমাত করে রিয়াল। এবার অবশ্য আর্সেনালের কঠিন চ্যালেঞ্জের সামনে মডরিচরা।
চলতি আসরে চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত ২৫টি গোল করেছেন আর্সেনাল অ্যাটাকাররা। তাদের চেয়ে বেশিবার জাল জাঁপিয়েছে একমাত্র বার্সেলোনা (৩২)। তাই ঘরের মাঠে রিয়াল ডিফেন্সের দুর্বলতা কাজে লাগিয়ে জয় তুলে নেওয়াই লক্ষ্য সাকা-মেরিনোদের। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আরও একবার চোট-আঘাতে জর্জরিত আর্সেনাল। পাশাপাশি কার্ড সমস্যায় নেই রহিম স্টার্লিং। পক্ষান্তরে, রিয়াল দলেও বেশ কিছু সমস্যা রয়েছে। তাই কিছুটা বাধ্য হয়েই আধা ফিট কুর্তোয়াকে মঙ্গলবার দলে রাখতে পারেন কোচ আনসেলোত্তি।
দিনের অপর ম্যাচে ইন্তার মিলানের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। শেষ আটের লড়াইয়ে দু’দলই ঘরে-বাইরে জয়ের মুখ দেখেছে। স্বদেশীয় ক্লাব লেভারকুসেনকে সহজেই বশ মানায় বায়ার্ন। আর ইন্তার মিলান হারায় ফেয়েনুর্ডকে। তবে শেষ দু’টি ম্যাচে জয়ের মুখ দেখেনি ইতালির ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে তাই ঘরের মাঠে তাদের হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ভিনসেন্ট কোম্পানির ছেলেরা।
আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে
 আর্সেনাল : রিয়াল মাদ্রিদ
 বায়ার্ন মিউনিখ : ইন্তার মিলান
* ম্যাচ শুরু রাত ১২-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টসে।

সম্পর্কিত সংবাদ