Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের হুমকি ইমেল পোস্ট অফিসে

বৃহস্পতিবারের পর ফের শুক্রবার। হুমকি ইমেলের জেরে বোমাতঙ্ক ছড়াল বেশ কিছু জয়গায়। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ পোস্ট অফিস, উত্তর ২৪ পরগনার বনগাঁ পাসপোর্ট অফিস ও পোস্ট অফিস, হুগলির চুঁচুড়া ডাকঘর ও হাওড়ার আমতা পাসপোর্ট অফিসে হুমকি ইমেল আসে।

ফের হুমকি ইমেল পোস্ট অফিসে
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: বৃহস্পতিবারের পর ফের শুক্রবার। হুমকি ইমেলের জেরে বোমাতঙ্ক ছড়াল বেশ কিছু জয়গায়। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ পোস্ট অফিস, উত্তর ২৪ পরগনার বনগাঁ পাসপোর্ট অফিস ও পোস্ট অফিস, হুগলির চুঁচুড়া ডাকঘর ও হাওড়ার আমতা পাসপোর্ট অফিসে হুমকি ইমেল আসে। যার জেরে বোমাতঙ্ক ছড়ায়। এর আগে মঙ্গল ও বুধবার রাজ্যের বিভিন্ন আদালতে হুমকি ইমেল আসার খবর পাওয়া গিয়েছিল। যার জেরে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ইমেল রহস্যের সমাধান এখনও হয়নি।  

Advertisement

এদিন সকাল ১১টা নাগাদ কাকদ্বীপে হুমকি মেল আসে। তাতে লেখা ছিল, পোস্ট অফিসে বোমা রাখা রয়েছে। ইমেল পাওয়ার পর পোস্ট অফিসের কর্মীরা গেট বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায়। পুলিশ ঘটনাস্থলে যায়। তারা পরিস্থিতি খতিয়ে দেখে। এছাড়াও পোস্টমাস্টারের সঙ্গে কথা বলে। সুন্দরবন পুলিশ জেলার ডিআইবি এসে তল্লাশি চালায়। তবে কিছু পাওয়া যায়নি। প্রায় আড়াই ঘণ্টা পর পোস্ট অফিসের কাজকর্ম শুরু হয়।  গ্রাহকরা চরম সমস্যায় পড়েন। বৃহস্পতিবারও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। 
বনগাঁ পাসপোর্ট অফিস ও পোস্ট অফিসে আসা মেল ঘিরেও আতঙ্ক ছড়ায়। বাংলায় লেখা ইমেলের বক্তব্য, ‘কাল দেখলাম পুলিশ কেমন তৎপর থাকে। আজ শুক্রবার। পবিত্র দিন। আজ ১২টা ১৫ মিনিটে বিস্ফোরণ হবে।’ মেইল আসার পর পোস্ট অফিসের কর্মীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সকলে বাইরে বেরিয়ে আসেন। পুলিশ এসে অফিসে তল্লাশি করে। যদিও সন্দেহজনক কিছু মেলেনি।
বৃহস্পতিবার বোমাতঙ্ক ছড়ানোয় শুক্রবার চুঁচুড়া ডাকঘরে ভিড় প্রায় ছিল না। শুক্রবার সেখানে ফের হুমকি ইমেল আসে। খবর ছড়িয়ে পড়তেই কর্মী ও এজেন্ট মহলে হুড়োহুড়ি পড়ে যায়। বোমাতঙ্কের জেরে আমতা পাসপোর্ট অফিসে ঘণ্টাখানেকের মতো কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়। বোমাতঙ্কের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মীরা মেটাল ডিটেক্টর নিয়ে পোস্ট অফিসে তল্লাশি চালান, যদিও কিছু পাওয়া যায়নি।
দিন কয়েক ধরে লাগাতার হুমকি মেলের জেরে তদন্ত শুরু করেছে গোয়েন্দা। বিশেষ সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগে আদালতে আসা ইমেল ও বর্তমানে পোস্ট অফিসে আসা হমকি ইমেলের সাদৃশ্য খোঁজা হচ্ছে। কোথা থেকে এই মেল পাঠানো হচ্ছে। কারা কী উদ্দেশ্যে মেল পাঠাচ্ছে তা জানার চেষ্টা চলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ