নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দলের সংগঠনে নজর দিন। জেলায় জেলায় ক্ষোভ বাড়ছে। অসন্তোষ মাত্রা ছাড়িয়ে গেলে বিধানসভা ভোটে আর তাল সামলানো যাবে না। সোমবার রাতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে বৈঠকে এমনই জানিয়ে এসেছেন বঙ্গ বিজেপি সাংসদদের একাংশ। রাজ্য বিজেপির নতুন সভাপতি বাছাইকে কেন্দ্র করে একাধিক জল্পনার মধ্যেই সোমবার রাতে দলীয় এমপিদের নিয়ে জরুরি বৈঠক করেন সুকান্তবাবু। বৈঠকের বিষয়টিকে অন্তত প্রকাশ্যে কোনও গুরুত্ব দিতে চাননি বিজেপি নেতারা। তবে দলীয় সূত্রে দাবি করা হয়েছে, রাজ্যে বিধানসভা নির্বাচনের এক বছর প্রাক্কালে বঙ্গ বিজেপির সাংগঠনিক হালহকিকত নিয়ে পরোক্ষে একাধিক ইঙ্গিত দিয়েছেন সাংসদদের একটি অংশ।
জানা যাচ্ছে, বৈঠকে সুকান্তবাবুকে বিজেপি এমপিদের একাংশ জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রেই জেলা নেতৃত্বের সঙ্গে রাজ্য এবং কেন্দ্রীয় নেতাদের সমন্বয় থাকছে না। উঁচুতলার নেতাদের কোনও সাংগঠনিক বার্তা সরাসরি নিচুস্তরে পৌঁছচ্ছে না। কারও মাধ্যমে তা আসছে। সরাসরি বার্তা না আসায় অনেক সময়ই বড়সড় ফাঁক থেকে যাচ্ছে। সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। ফলে বিভ্রান্তি বাড়ছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে রাজ্য পার্টির বিরুদ্ধে অসন্তোষও। এরই প্রেক্ষিতে এলাকার দলীয় জনপ্রতিনিধিদের নিয়ে চলার বার্তা দেওয়া হয়। বৈঠকে উপস্থিত সাংসদদের জানানো হয় যে, কয়েকটি জেলায় দলীয় সভাপতি বাছাই নিয়ে কিছু সমস্যা হয়েছে। কারণ সাংগঠনিকভাবে কয়েকজনের ক্ষেত্রে দুর্নীতি এবং অন্যান্য কিছু গুরুতর অভিযোগ উঠেছে। যেমন যেমন এই বিষয়ে সুরাহা মিলবে, সেইমতোই পদক্ষেপ করা হবে দলের পক্ষ থেকে। সামগ্রিক বিষয়ে অবশ্য এদিনও আনুষ্ঠানিকভাবে বঙ্গ বিজেপির পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।