মাদ্রিদ: চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পরই আভাস মিলেছিল। শনিবার কোপা ডেল রে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের পরই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে যায়। রিয়াল মাদ্রিদের কোচের পদে কার্লো আনসেলোত্তির বিদায় কার্যত নিশ্চিত। সূত্রের খবর, লা লিগায় শেষ ম্যাচের পরই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে একথা ঘোষণা করা হবে। সেক্ষেত্রে ক্লাব বিশ্বকাপের আগেই বিদায় নেবেন ইতালিয়ান কোচ। আর একথা প্রকাশ্যে আসতেই ফের একবার আসরে নামল ব্রাজিল। আনসেলোত্তিকে কোচ করতে মরিয়া সেলেকাওরা। সবকিছু ঠিকঠাক থাকলে, চলতি বছরের জুন মাসেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হেড কোচের পদে দেখা যেতে পারে অভিজ্ঞ ইতালিয়ান কোচকে। সেক্ষেত্রে ২০২৬ বিশ্বকাপের আগে দল গুছিয়ে নেওয়ার জন্য এক বছর হাতে সময় পাবেন তিনি।
জাতীয় দলের একের পর এক হতাশাজনক পারফরম্যান্সের জেরে গত মাসেই ব্রাজিল কোচের পদ থেকে ছাঁটাই হয়েছেন ডোরিভাল জুনিয়র। পরবর্তী কোচের পদে আনসেলোত্তি প্রথম পছন্দ ছিল সেলেকাওদের। তবে রিয়ালের সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি রয়েছে অভিজ্ঞ কোচের। সেই জন্য কোচ নিয়োগের ক্ষেত্রে কোনওরকম তাড়াহুড়ো করতে চায়নি ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তবে গত কয়েক সপ্তাহে পরিস্থিতি বদলাতে শুরু করে। রিয়ালের একের পর এক ব্যর্থতায় আনসেলোত্তির উপর চাপ বাড়তে থাকে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পরই রিয়ালে নিজের ভবিষ্যত নিয়ে জল্পনা তৈরি করেছিলেন তিনি। জানিয়েছিলেন, কর্তারা চাইলে হাসিমুখেই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। এল ক্লাসিকোয় হারের পর সেই পথই পরিষ্কার হল।
১৯৯৫-৯৬ মরশুমে কোচিংয়ে আসেন আনসেলোত্তি। এরপর একাধিক ক্লাবকে সাফল্য এনে দেন তিনি। এসি মিলান ও রিয়াল মাদ্রিদের ইতিহাসে তাঁর নাম সোনার হরফে লেখা থাকবে। তবে জাতীয় দলের কোচিং কোনওদিন করাননি কার্লেত্তো। তাই ব্রাজিলকে চেনা ছন্দে তিনি ফেরাতে পারেন কিনা সেটাই দেখার। বিশেষজ্ঞরা অবশ্য এই ব্যাপারে দু’ভাবে বিভক্ত। সিংহভাগের যুক্তি, ব্রাজিল ফুটবলে এখন ভাঁটার টান। ফুটবলার সেভাবে উঠে আসছে না। তাই আনসেলোত্তির কাজ খুবই কঠিন।