Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অনিশ্চিত আলবার্তো, মুম্বই ম্যাচে খেলতে প্রস্তুত রবসন

মুম্বই সিটির হয়ে আইএসএলে একই মরশুমে লিগ-শিল্ড ও কাপ জয়ের নজির গড়েছিলেন সের্গিও লোবেরা। তারপর গঙ্গা দিয়ে বয়েছে অনেক জল।

অনিশ্চিত আলবার্তো, মুম্বই ম্যাচে খেলতে প্রস্তুত রবসন
  • ১৯ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুম্বই সিটির হয়ে আইএসএলে একই মরশুমে লিগ-শিল্ড ও কাপ জয়ের নজির গড়েছিলেন সের্গিও লোবেরা। তারপর গঙ্গা দিয়ে বয়েছে অনেক জল। এই পর্বে দু’বার দল বদলালেও, সাফল্যের মুখ দেখেননি স্প্যানিশ কোচ। এখন তাঁর গায়ে মোহন বাগানের জার্সি। আগামী শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে লোবেরাকে সামলাতে হবে তাঁর পুরানো দলের চ্যালেঞ্জ। আর তার জন্য তিনি পুরোপুরি তৈরি। বুধবার তাঁর তত্ত্বাবধানে মুম্বই ম্যাচের মহড়া সারলেন দিমিত্রি-ম্যাকলারেনরা।

Advertisement

আইএসএলের শুরু থেকেই অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে মোহন বাগান। প্রথম চার ম্যাচে জিতে বাকি দলগুলিতে আগেই বার্তা দিয়ে রেখেছিল লোবেরা-ব্রিগেড। গত ম্যাচে অবশ্য বেঙ্গালুরুর বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে তারা। তা সত্ত্বেও ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন লিস্টনরা। শুক্রবার ঘরের মাঠে জিতে তা আরও মজবুত করাই লক্ষ্য তাঁদের। তবে মুম্বই ম্যাচের আগে রক্ষণের স্তম্ভ আলবার্তো রডরিগেজের চোট কিছুটা হলেও লোবেরার চিন্তা বাড়িয়েছে। মঙ্গলবার অনুশীলনে বাঁ পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। বুধবারও তিনি অনুশীলন করেননি। শুক্রবার তাঁর খেলার সম্ভাবনা কম। 
আলবার্তোর চোট শঙ্কার মধ্যেই কোচকে স্বস্তি জুগিয়ে পুরোদমে প্রস্তুতি সারলেন রবসন। কোচ চাইলে মুম্বই ম্যাচে মাঠে নামতে প্রস্তুত তিনি। বুধবার রবসন বলেন, ‘আমি ম্যাচ ফিট। শুক্রবার খেলার জায়গায় রয়েছি।’ উল্লেখ্য, মুম্বই দলে জনি কাউকো, ছাংতে, জর্জ ওর্টিজের মতো ফুটবলার রয়েছেন। তাই শুরুতে গোল তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলাই লক্ষ্য থাকবে বাগান কোচের।

সম্পর্কিত সংবাদ