নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদ থেকে বিভিন্ন দলের অন্দর মহল। পার্লামেন্টের এমপি ক্যান্টিন অথবা দুই কক্ষের প্রবেশ-প্রস্থানের করিডর। চর্চা এখন একটাই, নরেন্দ্র মোদির অবসর এবং তাঁর উত্তরাধিকারি কে? এমনকী বুধবার সংসদের আলোচনাতেও প্রবেশ করল সেই জল্পনা। লোকসভায় ওয়াকফ বিল নিয়ে আলোচনায় অমিত শাহকে লক্ষ্য করে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব কটাক্ষ করে প্রশ্ন করলেন, সম্প্রতি যে নাগপুর যাত্রা হল, সেটা ৭৫ বছর বয়সের নিয়মের সম্প্রসারণের জন্য নাকি? অর্থাৎ নরেন্দ্র মোদি যে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সদর দপ্তরে গেলেন, সেই প্রসঙ্গ উত্থাপন করেই এই কটাক্ষ। তার আগে পর্যন্ত অখিলেশ যাদব এবং অমিত শাহের মধ্যে হাসিঠাট্টার মোড়কে রাজনৈতিক শ্লেষ, আক্রমণ প্রতি আক্রমণ, হাসাহাসি চললেও, অখিলেশ যাদবের এই মন্তব্যের পরই ট্রেজারি বেঞ্চ দৃশ্যত বিব্রত হয়ে পড়ল। বিজেপি এমপি এবং মন্ত্রীরা মুখে হাসি রাখলেও বোজাই যাচ্ছিল, তাঁরা বেশ অস্বস্তিতে রয়েছেন।
এখানেই শেষ নয়। শিবসেনার এমপি সঞ্জয় রাউত আবার একই প্রশ্ন তুললেন। সংসদ ভবনে প্রবেশ করার সময় তিনি ফের বললেন, মোদিজি ১০ বছর ধরে নাগপুরে গেলেন না। হঠাৎ যে বছরে তাঁর বয়স ৭৫ বছর হয়ে যাচ্ছে, সেই বছরই গেলেন কেন? কারণ মোদিজির অবসর নিশ্চিত হয়েছে। সঙ্ঘ সেকথা তাঁকে জানিয়েও দিয়েছে।
এদিন ওয়াকফ বিল নিয়ে আলোচনার সময় লোকসভায় অখিলেশ যাদব বলেন, বিজেপি দাবি করে তারা বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল। বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল এতদিনেও নিজেদের সর্বভারতীয় সভাপতি মনোনীত করতে পারে না। অখিলেশ যাদবের এই কথায় গোটা লোকসভায় হাসির রোল ওঠে। সঙ্গে সঙ্গে ট্রেজারি বেঞ্চ থেকে উঠে দাঁড়ান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, বিরোধীদের মধ্যে অন্তত পাঁচটি এরকম দল আছে, যাদের সভাপতি একটি পরিবার থেকেই হবে। অখিলেশ যাদবকে উদ্দেশ করে বলেন, আপনি আরও ২৫ বছর সভাপতি থাকবেন, আমিই বলে দিচ্ছি। তখনই অখিলেশ পাল্টা বলেন, সেটা তো বুঝলাম। কিন্তু আজকাল তো সোশ্যাল মিডিয়া, পাবলিকের মধ্যে একটিই চর্চা হচ্ছে। সম্প্রতি যে নাগপুর যাত্রা হয়েছে, সেটা কি ৭৫ বছর বয়সের নিয়মের বেড়াজালের সম্প্রসারণ যাত্রা? অখিলেশের এই মন্তব্যের পর অমিত শাহ আর কোনও প্রত্যুত্তর দেননি।