Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাল্কা ধস্তাধস্তির পর ডেপুটেশন-পথ অবরোধ, বামেদের এসএসসি অভিযান ঝাঁঝহীন!

কোনও ব্যারিকেড নেই। আন্দোলনের ঝাঁঝও নেই। তবে পুলিস টিয়ার গ্যাস নিয়ে প্রস্তুত ছিল। বাম শিক্ষক-ছাত্র-যুবরা স্লোগান দিতে দিতে এগিয়ে গেলেন এসএসসি ভবনের দিকে।

হাল্কা ধস্তাধস্তির পর ডেপুটেশন-পথ অবরোধ, বামেদের এসএসসি অভিযান ঝাঁঝহীন!
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোনও ব্যারিকেড নেই। আন্দোলনের ঝাঁঝও নেই। তবে পুলিস টিয়ার গ্যাস নিয়ে প্রস্তুত ছিল। বাম শিক্ষক-ছাত্র-যুবরা স্লোগান দিতে দিতে এগিয়ে গেলেন এসএসসি ভবনের দিকে। বৃহস্পতিবার দুপুরে সল্টলেক করুণাময়ী থেকে মিছিল এসএসসি ভবনের উদ্দেশে মিছিল শুরু করেন বামেরা। যোগ্যদের চাকরি ফেরানো এবং ওএমআর শিট প্রকাশের দাবিতে। শুরুর দিকে মিছিলের কলেবর ভালোই ছিল। এসএসসি ভবনের সামনে পুলিসের সঙ্গে সামান্য ধস্তাধস্তিতে জড়ালেন বাম ছাত্র-যুবরা। তারপরেই রাস্তায় বসে পড়লেন তাঁরা। কয়েক মিনিট বাদে উঠেও পড়লেন। ঘোষণা করা হল, ছোট গাড়ি থেকেই সভা হবে। ঘোষণা হল, পাশের রাস্তাটিও বন্ধ করে দেওয়ার জন্য। অনেকক্ষণ বন্ধ থাকল সেই রাস্তা। 

Advertisement

ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় হাতে গোনা কয়েকজনকে নিয়ে পাশের রাস্তাটিও বন্ধ করলেন। শিক্ষক সংগঠনের কয়েকজনকে বলতে শোনা গেল, ছাত্র-যুব সেভাবে এলই না। এক ছাত্র নেতার কথায়, পরশু ব্রিগেড! আজ এত লোক আনা যায় নাকি? তাছাড়া এটা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির মিছিল। আমরা সংহতি জানাতে এসেছি। এরই মাঝে দশজনের প্রতিনিধি দল এসএসসি দপ্তরে ডেপুটেশন জমা দিতে গেলেন। বেরিয়ে এসে মীনাক্ষী বলেন, ‘আধিকারিকদের মুখে কোনও কথা নেই। তাঁরা লিউকোপ্লাস্ট লাগিয়ে আছেন।’ সুপ্রিম কোর্টের এদিনের রায় নিয়ে বামেরা অন্তত কোনও স্বস্তির জায়গা পাচ্ছেন না। তাঁদের বক্তব্য, যোগ্যদের পাকাপাকিভাবে স্কুলে ফেরানোর ব্যবস্থা করতে হবে। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ