নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: চাকরিহারা আন্দোলনরত শিক্ষকদের পাশে দাঁড়ালেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। মঙ্গলবার বহরমপুরে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অধীরবাবু। তিনি বলেন, এসএসসি বলুন বা শিক্ষা পর্ষদ, যা কিছু হচ্ছে, পিছন থেকে দড়ি টানছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটা আদেশ আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। সেইমতো শিক্ষা পর্ষদ, শিক্ষামন্ত্রী প্রতিক্রিয়া জানাচ্ছেন। এই ধরনের নির্মমতা, নিষ্ঠুরতা, নৃশংসতা এ বাংলার মানুষ কখনও চাক্ষুষ করেননি। এই প্রখর রোদ, তাপ, জল নেই, খাবার নেই। তাঁরা আমাদের ঘরেরই কেউ না কেউ। গোটা রাত এভাবে অবস্থান করছেন রাস্তায়। কোনও অন্যায্য দাবি করেনি তাঁরা। শিক্ষামন্ত্রী বলেছিল, আমরা জানাব, এসএসসি ভরসা দিয়েছিল। তাই তাঁরা সেই দাবি করছে। আর তাঁদের সঙ্গে এই চালাকি, বাটপারি, বুজরুকি করেই চলেছে এই সরকার। নানা রকমের কথার মারপ্যাচ করে তাঁরা শিক্ষকের দাবি থেকে ক্রমশ সরে যাচ্ছে।



