নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টের নির্দেশ না মেনেই হাওড়ায় রামনবমীর মিছিল করেছে অঞ্জনী পুত্র সেনা। বুধবার হাইকোর্টে এমনটাই অভিযোগ করল রাজ্য। ৫০০ জনের নামের তালিকা দেওয়ার নির্দেশ থাকলেও মাত্র ২০০ জনের তালিকা দিয়েছে অঞ্জনী পুত্র সেনা। আয়োজকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে জানিয়েছে রাজ্য। যার প্রেক্ষিতে ওই সংগঠনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। হনুমান জয়ন্তীতে মিছিল করতে চেয়ে হাইকোর্টর দ্বারস্থ হয়েছে বিজেপি। পাশাপাশি দক্ষিণ কলকাতা ১১১ ও ১১২ নম্বর ওয়ার্ডে মিছিল করতে চেয়ে আরও একটি মামলা দায়ের হয়েছে। আজ মামলার শুনানির সম্ভাবনা।



