


মৃত্যুঞ্জয় কর্মকার, হবিবপুর: বিদায়ী বিধায়ক বিজেপির জোয়েল মুর্মু হবিবপুরে কোনো উন্নয়ন করতে না পারায় আদিবাসী ও মতুয়াদের একাংশ তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকছে। বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মতুয়া ও আদিবাসীদের একাংশ এবার তৃণমূল প্রার্থী অমল কিস্কুকে সমর্থনের কথা স্পষ্টভাবে জানিয়েছেন।
তাঁদের দাবি, গত কয়েক বছরে বিজেপি বিধায়ক কোনো উন্নয়ন করতে পারেননি। রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবায় এখনও ঘাটতি রয়েছে মালদহ জেলার এই বিধানসভা কেন্দ্রে। বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে উন্নয়ন একেবারে হয়নি বলে দাবি বাসিন্দাদের।
হবিবপুরের ইলিয়াস মার্ডির আক্ষেপ, গতবার বিজেপিকে ভোট দিলেও প্রত্যাশিত পরিষেবা পাইনি আমরা। এবার তৃণমূলকে পাঁচ বছর সুযোগ দিয়ে দেখতে চাই। আদিবাসীদের পাশাপাশি মতুয়াদেরও একই কথা। স্থানীয় বাসিন্দা অরুণকান্তি বালা বলছেন, মতুয়া ভোটব্যাংকে ভর করে গত লোকসভা ভোটে জিতেছে বিজেপি। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার সেই মতুয়াদের নামই ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে কমিশনের সঙ্গে আঁতাতে। গত বিধানসভায় বিজেপিকে ভোট দিয়েও এলাকায় উন্নয়ন হয়নি। তৃণমূল প্রার্থীর কথায়, হবিবপুরের বিভিন্ন এলাকায় মানুষ তৃণমূলের প্রতি সমর্থন জানাচ্ছেন। ভোটের ফলেও তার প্রতিফলন দেখা যাবে। এবার তৃণমূলের জয় নিশ্চিত।
বিজেপির পালটা দাবি, আদিবাসী ভোট বিজেপির সঙ্গেই থাকবে। বিজেপিই একমাত্র দল, যারা আদিবাসীদের যোগ্য সম্মান দিয়েছে। বিজেপি প্রার্থী জোয়েল মুর্মু বলেছেন, মানুষ সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। ২৩ এপ্রিল ভোটবাক্সে তার প্রতিফলন ঘটবে। আর ৪ মে শেষ হাসি হাসবে বিজেপিই।