


নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বর্ধমান: ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে কালো টাকা উদ্ধারের পরিমাণ বাড়ছে কলকাতাসহ গোটা রাজ্যে। বুধবার নতুন বছরের প্রথম দিনে গোটা রাজ্যে প্রায় ৬৬ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। কলকাতার শেক্সপিয়র সরণি, প্রগতি ময়দান, হেয়ার স্ট্রিট, চারু মার্কেট থানা এলাকায় দফায় দফায় নাকা চেকিং চালিয়ে মোট ২৬ লক্ষ সাড়ে ১৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্র এই খবর জানিয়েছেন।
পাশাপাশি, এদিন বর্ধমান রেল স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন ফুটওভার ব্রিজে যাত্রীদের তল্লাশি চালিয়ে ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে জিআরপি। এই ঘটনায় সুনীল কুমার এবং অধেশ কুমার নামে দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা চাল কেনার জন্য এই টাকা এনেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করলেও, পরে টাকার উৎস সংক্রান্ত কোনো নথিপত্র দেখাতে পারেননি। তাঁদের গ্রেপ্তার করার পাশাপাশি টাকা বাজেয়াপ্ত করে জিআরপি। রেল পুলিশের এক সূত্রে এই খবর জানা গিয়েছে।
লালবাজারের এক সূত্র জানিয়েছে, কলকাতার শেক্সপিয়র সরণি থানার জওহরলাল নেহরু রোডে নাকা চেকিং চলাকালে ১২ লক্ষ ৫০ হাজার হিসাব বহির্ভূত কালো টাকা বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। আবার প্রগতি ময়দান থানার সিলভার স্প্রিং আবাসনের সামনে নাকা চেকিং চলাকালে ১ লক্ষ দেড় হাজার টাকা উদ্ধার হয়েছে। তেমনি হেয়ার স্ট্রিট থানার ফরেন পোস্ট অফিসের সামনে ১৫ লক্ষ ন’হাজার কালো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও চারু মার্কেট থানার দেশপ্রাণ শাসমল রোড এবং টালিগঞ্জ সার্কুলার রোডের সংযোগস্থলে নাকা চেকিং চলাকালে ১১ লক্ষ ৭ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বর্ধমান ও কলকাতা মিলিয়ে মোট ৬৫ লক্ষ ৭৭ হাজার কালো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। টাকা উদ্ধারের বিষয়টি ইতিমধ্যে নির্বাচন কমিশনের পাশাপাশি আয়কর দপ্তরকে জানানো হয়েছে।