Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ ব্রিগেডে মোদির সভার নিরাপত্তায় ৩ হাজার পুলিশ

আজ, শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোড়া সভা। তৈরি হয়েছে পাশাপাশি দুটি মঞ্চ। দেশের প্রশাসনিক প্রধান হিসেবে সরকারি মঞ্চ থেকে নতুন ট্রেন চালু করা সহ একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করবেন তিনি।

আজ ব্রিগেডে মোদির সভার নিরাপত্তায় ৩ হাজার পুলিশ
  • ১৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোড়া সভা। তৈরি হয়েছে পাশাপাশি দুটি মঞ্চ। দেশের প্রশাসনিক প্রধান হিসেবে সরকারি মঞ্চ থেকে নতুন ট্রেন চালু করা সহ একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করবেন তিনি। এরপর বিজেপির পোস্টার বয় মোদি ভাষণ দেবেন দলীয় মঞ্চে। বিধানসভা ভোটের প্রাক্কালে ব্রিগেডের সভাকে ‘সফল’ করতে আদাজল খেয়ে মাঠে নেমেছে বিজেপি। রাজ্যজুড়ে চলা পরিবর্তন সংকল্প যাত্রা শেষে এই সভার আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিবর্তন যাত্রার ‘ছন্নছাড়া’ দশা দেখে চিন্তিত বঙ্গ বিজেপি। দিল্লি থেকে রথী-মহারথী আনিয়েও পরিবর্তন যাত্রার সভায় মানুষের উপস্থিতি দেখে আঁতকে উঠেছেন নেতারা। আর সে কারণেই শুধু বাংলার উপর ভরসা নয়, লাগোয়া তিন রাজ্য বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে লোকজন এনে মাঠ ভরাতে উদ্যোগ নিয়েছে পদ্মপার্টি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকদের নিয়ে আসার জন্য স্পেশাল ট্রেনের আয়োজন করা হয়েছে। এরই পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জন্য কয়েকশো বাসের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য বিধানসভা ভোটের প্রাক্কালে বাঙালি সাজার মরিয়া চেষ্টা যে বিজেপি চালাচ্ছে, ব্রিগেডের সভাস্থল তার প্রমাণ। গোবলয়ে রামমন্দিরকে সামনে রেখে প্রচার চললেও, এখানে মঞ্চ সাজানো হয়েছে ব্যাকগ্রাউন্ডে দক্ষিণেশ্বরের ভবতারিনী মায়ের মন্দিরের ছবিতে। টেরাকোটা, পটচিত্র সহ বাংলার একাধিক শিল্পকর্মের ছোঁয়া থাকছে মঞ্চ সজ্জায়। ‘বাঙালি সাজা’র এই প্রচেষ্টাকে অবশ্য কটাক্ষ করেছে তৃণমূল। তাদের দাবি, থিমের প্যাণ্ডেল তৈরি হয়েছে।

Advertisement

প্রধানমন্ত্রীর সভাস্থল এবং তার আশপাশে ‘নো ফ্লাইজোন’ ঘোষিত হয়েছে। নিরাপত্তার ছাদরে মুড়ে দেওয়া হয়েছে গোটা এলাকা। ব্রিগেডের আশপাশের বহুতল থেকেও নজরদারি চলবে। লালবাজার সূত্রের খবর, গোটা নিরাপত্তা ব্যবস্থার তদারকিতে থাকবেন এডিজি (কোস্টাল)। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার-১, যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকরা থাকবেন। সভাস্থল ও তার আশপাশকে ১৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে ডেপুটি কমিশনার। সবমিলিয়ে প্রায় ৩ হাজার পুলিশ কর্মী নিরাপত্তার দায়িত্বে থাকছেন। আজ, ভোর চারটে থেকে রাত ৮টা পর্যন্ত জরুরি পরিষেবা, গ্যাস সিলিন্ডার, জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার ব্যতীত কোনো ভারী যানবাহন শহরে ঢুকবে না। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ব্রিগেড ঘিরে এসপ্ল্যানেড র‌্যাম্প, কে পি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইনসওয়েতে যানচলাচলে নিয়ন্ত্রণ থাকবে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশ, হেস্টিংস ক্রশিং থেকে ক্যাথিড্রাল রোড,  খিদিরপুর রোড সহ আশপাশের সমস্ত রাস্তায় পার্কিং নিষিদ্ধ।   

Advertisement
সম্পর্কিত সংবাদ