বেঙ্গালুরু: কর্ণাটক বিধানসভার স্পিকারকে ‘অপমান’ করায় ১৮ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হল। তাঁরা ছ’মাসের জন্য অধিবেশনে যোগ দিতে পারবেন না। শুক্রবার তুমুল হট্টগোলে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। বৃহস্পতিবার কর্ণাটকের মন্ত্রী কে এন রাজান্না অভিযোগ করেছিলেন, বিভিন্ন দলের ৪৮ জন রাজনীতিক ‘হানি ট্র্যাপে’র শিকার হয়েছেন। তা নিয়ে শুক্রবার বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি বিধায়করা। সরকারি কাজের বরাতের ক্ষেত্রে মুসলিমদের জন্য ৪ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্তের প্রতিবাদে সেই বিক্ষোভ আরও বৃদ্ধি পায়। একটা সময়ে ওই বিধায়কদের একাংশ স্পিকার ইউ টি খাদেরের পোডিয়ামে উঠে পড়েন। স্পিকারের উদ্দেশে কাগজও ছোড়েন তাঁরা। এরপরই রাজ্যের আইন ও পরিষদীয়মন্ত্রী এইচ কে পাতিল বিজেপি বিধায়কদের সাসপেন্ড করার জন্য প্রস্তাব আনেন। সেই প্রস্তাব পাশ হওয়ার পর স্পিকার পদ্ম শিবিরের ১৮ জন বিধায়ককে সাসপেন্ড করার নির্দেশ দেন। ‘সাসপেন্ডেড’ বিধায়কদের মধ্যে বিজেপির চিফ হুইপ ডোড্ডান্না গৌড়া পাতিলও রয়েছেন। কিন্তু তারপরেও ওই বিধায়করা অধিবেশন ছেড়ে বেরোতে রাজি হননি। শেষ পর্যন্ত মার্শাল ডেকে তাঁদের টেনেহিঁচড়ে বের করে দেওয়া হয়।



