Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউটাউনে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার আরও ১

নিউটাউনের বালিগড়ি এলাকায় কবিরুল লস্কর খুনের ঘটনায় অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করল টেকনোসিটি থানার পুলিশ। বাড়িতে ঢুকে কবিরুলকে রড দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছিল।

নিউটাউনে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার আরও ১
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনের বালিগড়ি এলাকায় কবিরুল লস্কর খুনের ঘটনায় অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করল টেকনোসিটি থানার পুলিশ। বাড়িতে ঢুকে কবিরুলকে রড দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সালাউদ্দিন লস্কর। শনিবার ভোরে ভাঙড়ের পোলেরহাট এলাকায় এক আত্মীয়র বাড়ি থেকে তাকে পাকড়াও করা হয়েছে। এখনও পর্যন্ত এই খুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার হল। বাকিদের খোঁজ চলছে। 

Advertisement

প্রসঙ্গত, গত ৬ মার্চ দুপুরে নিজের বাড়িতেই ছিলেন ২৮ বছরের যুবক কবিরুল। সেই সময় আচমকা একদল লোক তাঁর বাড়িতে ঢুকে হামলা চালায়। তার সকলেই স্থানীয়। লোহার রড, ধারালো ছুরি দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করা হয়েছিল। ৯ মার্চ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 
তারপর এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার পর পুলিশ আচিরুদ্দিন লস্কর এবং নূরজামান লস্কর নামে দু’জনকে গ্রেপ্তার করেছিল। বাকিদের খোঁজ চলছিল। তদন্তে পুলিশ জানতে পারে, এই খুনের অন্যতম অভিযুক্ত সালাউদ্দিন আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রয়েছে। টেকনোসিটি থানার পুলিশ ভোরে সেখানে হানা দিয়ে হাতেনাতে তাকে পাকড়াও করে। পুলিশ জানিয়েছে, জমি সংক্রান্ত বিবাদের সূত্রপাতে এই ঘটনা বলে জানা গিয়েছে। এই ঘটনায় যুক্ত প্রত্যেকেই গ্রেপ্তার করা হবে। ধৃত সালাউদ্দিনের নাম এফআইআরে ছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ