জয়পুর: ছদ্মনাম রবি কিষান। সীমান্ত এলাকায় চাষবাস করেই দিন কাটে। একেবারে সাদামাটা লোকটিকে আপাতদৃষ্টিতে দেখলে সন্দেহ করার কোনও প্রশ্নই ওঠে না। কিন্তু এসবের আড়ালেই গোপনে পাকিস্তানের আইএসআই-কে তথ্য পাচার করতেন তিনি। বৃহস্পতিবার রাজস্থানের জয়সলমিরের ওই বাসিন্দাকে গ্রেপ্তার করল গোয়েন্দারা। আসল নাম পাঠান খান। ইতিমধ্যেই সরকারি গোপনীয়তা আইনের (২০২৩) অধীনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ২০১৩ সালে পাকিস্তানে গিয়েছিলেন পাঠান। সেখানেই আইএসআইয়ের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। পরে দেশে ফিরে আসেন। কিন্তু গোপনে সীমান্তবর্তী এলাকার তথ্য পাকিস্তানিদের কাছে পাচার করতে শুরু করেন। এই কাজে একাধিক সিম ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ব্যবহার করেছেন তিনি। গোয়েন্দা সূত্রে খবর, তথ্য পাচারের বিনিময়ে তাঁকে মোটা টাকার লোভ দেওয়া হয়েছিল। এমনকী গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণও দেওয়া হয়।



