


সংবাদদাতা, রামপুরহাট: মহরম ঘিরে সম্প্রীতির ছবি দেখা গেল রামপুরহাটে। এই শহরের ১৪নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকাশ কাহার তিনটি মহরম কমিটির জন্য তাজিয়া তৈরি করছেন। থার্মোকলের কাঠামোয় মানানসই চুমকি ও রঙিন কাগজ বসিয়ে ওই তাজিয়া গড়া হচ্ছে। আগামী শনিবার শহরে মহরমে আকাশের তৈরি তাজিয়া দেখা যাবে।
রামপুরহাটের ১৪নম্বর ওয়ার্ডে রয়েছে রেলপার খালাসীপাড়া মহরম কমিটি। ওই এলাকায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান সহ নানা সম্প্রদায়ের মানুষের বাস। এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষই একে অপরের উৎসবে অংশ নেন। দুর্গাপুজো, জগদ্ধাত্রীপুজো থেকে শুরু করে ঈদ ও মহরমেও এই ছবি দেখা যায়। গত সাতবছর ধরে মহরম এলে আকাশের উপর একটু বেশিই দায়িত্ব পড়ে। তাঁর হাতেই এখানকার তাজিয়া সেজে ওঠে। মহরম কমিটির সভাপতি মনোজিৎ মাঝি, সম্পাদক ইনতাজ শেখ বলেন, এই ওয়ার্ডে দুর্গা, শনি ও সন্তোষী মাতার মন্দির, ইমামবারা, মসজিদ ও চার্চ রয়েছে। যা অন্য কোনও ওয়ার্ডে নেই। পুজো, ঈদ, মহরমে সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশ নেন। আমাদের পুরো পাড়াই যেন একটি পরিবার।
মহরম সমন্বয় কমিটির সদস্য শাহজাদা হোসেন বলেন, আকাশ কাহার কয়েকদিন আগেই রথ তৈরি করেছেন। তিনিই আবার আমাদের তাজিয়া গড়ছেন। দু’বছর ধরে এই ওয়ার্ডে মহিলা পরিচালিত দুর্গাপুজো হচ্ছে। আর কিছুদিনের মধ্যে আমরা চাঁদা তুলতে বের হব।
আকাশ বলেন, ছোটবেলা থেকেই এঁরা আমার বন্ধু। সেই বন্ধুত্বে কে কোন ধর্মের-এসব ভাবনা কখনও আসেনি। ওঁদের উৎসবে সহযোগিতা করতে পেরে ভালোই লাগে। তাজিয়া একটি পবিত্র জিনিস। স্নান করে, পরিষ্কার পোশাক পরে তবেই তাজিয়া তৈরির কাজে হাত লাগাচ্ছি।
এবছর খালাসীপাড়ার তিনটি তাজিয়া তৈরি করছেন আকাশ। সেইসঙ্গে থার্মোকলের তৈরি কামান ও তিরে বিদ্ধ রক্তাক্ত দু’টি ঘোড়া তৈরি করেছেন। সুঁদিপুর গ্রাম ও চামড়া গোদাম পাড়ার মহরম কমিটির তাজিয়াও আকাশ তৈরি করছেন। তিনটি কমিটির মোট পাঁচটি তাজিয়া তিনি গড়ছেন।
এলাকার বাসিন্দারা জানান, তাজিয়া তৈরির জন্য এলাকার সমস্ত পরিবার চাঁদা দেয়। তাঁরা মহরমের মিছিলে অংশগ্রহণও করে। আগামী শনিবার শহরের রাস্তায় মহরমের শোভাযাত্রায় আকাশের তৈরি তাজিয়া সবার নজর কাড়বে বলে আয়োজকরা আশাবাদী। নিজস্ব চিত্র