নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পুজোর বাজার কব্জা করতে মরিয়া জাল মদ কারবারিরা। পুজোর মুখে ভেজাল মদ তৈরি করতে ওড়িশা থেকে বিপুল পরিমাণ স্পিরিট এনে মজুত করা হয়েছিল ডেবরা ও পাঁশকুড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দুই জায়গা থেকে ৩২০০ লিটার ভেজাল মদ তৈরির কাঁচামাল স্পিরিট বাজেয়াপ্ত করেছে দুই মেদিনীপুরের আবগারি দপ্তর। সেইসঙ্গে ডেবরা থেকে একজন এবং পাঁশকুড়ার হাউর থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বিষমদের কড়া ধারা যুক্ত করা হয়েছে বলে পূর্ব মেদিনীপুরের এক্সাইজ সুপার মণীশ শর্মা জানিয়েছেন। পাশাপাশি উদ্ধার হওয়া স্পিরিটের নমুনা কেমিক্যাল টেস্টের জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় উদ্বেগে আবগারি দপ্তর। এই প্রথম ওড়িশা থেকে নকল মদ তৈরির কাঁচামাল আনা হয়েছিল বলে এক্সাইজ বিভাগের অফিসারদের বক্তব্য। গত ১০ সেপ্টেম্বর ওড়িশা থেকে ওই স্পিরিট দুই মেদিনীপুরে ঢুকেছে বলে আবগারি দপ্তরকে সতর্ক করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুরের ডেবরার একটি জায়গায় ওয়েব্রিজের কাছে কাটিং পয়েন্টে হানা দেয় আবগারি দপ্তর। সেখানে ন’টি ড্রামে ১৮০০লিটার স্পিরিট ছিল। পশ্চিম মেদিনীপুরের এক্সাইজ দপ্তর সেখানে অভিযান চালিয়ে ওই স্পিরিট বাজেয়াপ্ত করে। ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে পূর্ব মেদিনীপুরেও স্পিরিট মজুতের বিষয়টি জানা যায়। ধৃতের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পাঁশকুড়া থানার হাউর এলাকায় পূর্ব মেদিনীপুরের এক্সাইজ বিভাগ অভিযান চালায়। সেখানে ১৪০০লিটার স্পিরিট পাওয়া যায়। ঘটনাস্থল থেকে জসীম খান ও নুরুদ্দিন খান নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়। তারা কোলাঘাটের দেদানের বাসিন্দা। অবশ্য নুরুদ্দিনের আদিবাড়ি উত্তরপ্রদেশে। অবৈধ কাটিং কারবার ও নকল মদ কারবারে জড়িয়ে দীর্ঘদিন ধরে সে কোলাঘাটে বসবাস করছে।



