নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর ও সংবাদদাতা: তৎপরতা শুরু হয়েছিল অভিযোগ মিলতেই। দফায় দফায় জিজ্ঞাসাবাদ, ড্রোন দিয়ে তল্লাশি, সন্দেহভাজনদের বাড়িতে হানা। আর সেই সূত্রেই একদিনের মধ্যে দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল নিউ টাউনশিপ থানার পুলিশ। ধৃতদের নাম শেখ রিয়াজউদ্দিন, অপু বাউরি ও ফিরদৌস শেখ। নির্যাতিতার বন্ধু ডাক্তারি পড়ুয়াকে গ্রেপ্তার না করলেও টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। খোঁজ চলছে বাকি দুই অভিযুক্তেরও। রবিবার উদ্ধার হয়েছে নির্যাতিতার মোবাইল ফোনও। গণধর্ষণের পর সেটি ছিনিয়ে নিয়ে জঙ্গলেরই একটি গাছের ডালে লুকিয়ে রেখেছিল অভিযুক্তরা। ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করেছে ফরেনসিক বিভাগের টিম। ডিসি অভিষেক গুপ্তা বলেন, ‘বিজরা গ্রামের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাবে না।’ তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বুঝিয়ে দিয়েছেন, এই ঘটনায় যারাই যুক্ত থাকুক না কেন, তিনি শেষ দেখে ছাড়বেন। তাঁর কথায়, ‘বাংলায় জিরো টলারেন্স। দোষীরা কোনও অবস্থাতেই ছাড় পাবে না। বিভিন্ন রাজ্যে নিত্যদিন এমন ঘটনা ঘটলেও ব্যবস্থা নেওয়া হয় না। এমনকি, আদালতে যাওয়ার সময় ধর্ষিতাকে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়ার মতো ঘটনাও দেখা গিয়েছে। সাংবাদিকদের ধরে নগ্ন করে জেলে ভরে রাখা হয়। বাংলা এসব সমর্থন করে না। করবেও না। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা এখানে পড়তে আসেন। তাঁদের অনুরোধ করব, গভীর রাতে হস্টেলের বাইরে বেরোবেন না। প্রাইভেট মেডিকেল কলেজের দায়িত্ব তাদের ছাত্রছাত্রীদের দেখভাল করা। কেউ যদি রাত সাড়ে ১২টায় বেরিয়ে কোথাও যায়, পুলিশের পক্ষে সেটা জানা সম্ভব নয়। স্বাধীনতায় হস্তক্ষেপের কথা বলা হচ্ছে না। কিন্তু হস্টেলের একটা সিস্টেম আছে। সেটা মানতে হবে। আর পুলিশকে বলেছি কড়া ব্যবস্থা নিতে।’



