সংবাদদাতা, রামপুরহাট: মালদহ টাউন স্টেশনের ইয়ার্ড পুনর্নির্মাণের জন্য আজ, বৃহস্পতিবার থেকে ৩সেপ্টেম্বর পর্যন্ত প্রি-নন ইন্টারলিকং ও নন ইন্টারলকিংয়ের কাজ চলবে। তার জেরে টানা সাতদিন বহু প্যাসেঞ্জার ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। বহু ট্রেন ঘুরপথে চলাচল করবে। ফলে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে চলেছেন বর্ধমান-সাহেবগঞ্জ শাখার যাত্রীরা। প্রেস রিলিজ দিয়ে পূর্ব রেল জানিয়েছে, প্যাসেঞ্জার, এক্সপ্রেস মিলিয়ে মোট ৪৮টি ট্রেন বাতিল করা হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হল শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস, শিয়ালদহ-রাধিকাপুর এক্সপ্রেস, হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস, মালদহ টাউন-হাওড়া ইন্টারসিটি, কামাখ্যা-পুরী, শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, কলকাতা-শিলঘাট টাউন কাজিরাঙা এক্সপ্রেস, শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস, বেঙ্গালুরু-নিউ তিনসুকিয়া এক্সপ্রেসকে রামপুরহাট হয়ে ভাগলপুর, জামালপুর, খাগরিয়া, কাটিহার ও বারসোই হয়ে ঘুরপথে চালানো হবে। কামাখ্যা, গয়া থেকে ছেড়ে আসা পাঁচটি এক্সপ্রেস ট্রেন কাটিহার, বারাউনি, মুঙ্গের ও বারসোই হয়ে ‘ডাইভার্ট’ করা হয়েছে। ৩১আগস্ট, ২ ও ৩ সেপ্টেম্বর হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস মালদহের পরিবর্তে রামপুরহাট পর্যন্ত চলাচল করবে। ৩০, ৩১ আগস্ট ও ১, ২ এবং ৩ সেপ্টেম্বর পুরী-কামাখ্যা এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা, কুলিক ও সরাইঘাট এক্সপ্রেস সহ ছ’টি দূরপাল্লার ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হবে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।



