শ্রীনগর: নিরীহ পর্যটকদের রক্তে ভিজেছে উপত্যকার মাটি। আর তারপর থেকেই পহেলগাঁওয়ে হামলার নেপথ্যে থাকা জঙ্গিদের শেষ দেখার অপেক্ষায় গোটা দেশবাসী। হামলাকারীদের সন্ধানে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। এরইমাঝে শুক্রবার জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনার এনকাউন্টারে খতম লস্কর-ই-তোইবার শীর্ষস্থানীয় কমান্ডার আলতাফ লাল্লি। এদিন সেনা ও জঙ্গিদের গুলির লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর দুই জওয়ানও জখম হয়েছেন।
গোয়েন্দা সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তা বাহিনী। এরপর শুক্রবার সকালে বান্দিপোরার কুলনার বাজিপোরা এলাকা ঘিরে ফেলে শুরু হয় অপারেশন। যৌথভাবে অভিযান চালায় ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিস। সেনার উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জবাব দেয় সেনাও। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে লস্কর-ই-তোইবার শীর্ষস্থানীয় কমান্ডার আলতাফ লাল্লির। জখম হয়েছেন নিরাপত্তা বাহিনীর দুই জওয়ানও। পহেলগাঁও হামলার নেপথ্যে আলতাফের হাত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাজুড়ে জারি রয়েছে তল্লাশি অভিযান।
২৬ পর্যটকের মৃত্যুর পর থেকেই উপত্যকার নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। আতঙ্কে কাশ্মীর ছাড়তে শুরু করেছেন বহু পর্যটক। এই পরিস্থিতিতে এদিন শ্রীনগর পৌঁছেছেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী। ইতিমধ্যেই বান্দিপোরার ‘অপারেশন’ নিয়েও খোঁজখবর নিয়েছেন তিনি। জম্মু-কাশ্মীরের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও একটি পর্যালোচনা বৈঠক করবেন তিনি। নিয়ন্ত্রণরেখায় নিরাপত্তা সংক্রান্ত বিষয় সহ পহেলগাঁওয়ে হামলার পর কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়েই বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে।